নেপালকে উড়িয়ে ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ
বাংলাদেশের জয় প্রত্যাশিতই ছিল। সাম্প্রতিক ফর্মও কথা বলেছে বাংলাদেশের হয়ে। নেপালের বিপক্ষে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দেখার বিষয় ছিল, কত গোল দিতে পারে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে লাল-সবুজের প্রতিনিধিরা পৌঁছেছে ফাইনালে।
পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মামনি চাকমার কর্নার থেকে হেডে গোল করেন প্রতিমা মুন্ডা। প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে আলপি আক্তারের গোলে ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আগ্রাসন ধরে রাখে পিটার বাটলারের শিষ্যরা।
৬৭ মিনিটে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন আলপি। ৮২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বাংলাদেশ পায় ৪-০ গোলের জয়।
এর আগে দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৬। আর তিন জয়ে বাংলাদেশ ফাইনালে উঠেছে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে।
আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

স্পোর্টস ডেস্ক