যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ফাইনাল
সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। লক্ষ্য এবার তৃতীয় শিরোপা। শিরোপার মঞ্চে অবশ্য কঠিন পরীক্ষা দিতে হবে ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকারদের। প্রতিপক্ষ শক্তিশালী স্বাগতিক ভারত। সেই লক্ষ্যে আজ মাঠে নামবে কোচ পিটার বাটলারের শিষ্যরা।
আজ শনিবার (৬ জুন) সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের গোয়ায় জওহেরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও টি-স্পোর্টস ইউটিউব চ্যানেল।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এর মধ্যে দুইবারই স্বাগতিক দেশকে হারিয়েই শিরোপা উঁচিয়ে ধরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবারও সামনে স্বাগতিক দেশ– ভারত। তাদেরকে হারাতে পারলেই প্রথম দেশ হিসেবে সাফের টানা তিনবারের শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ।
অবশ্য চলমান সাফে নিজেদের সেরা ছন্দে নেই বাংলাদেশ। গ্রুপ পর্বেও একই গ্রুপে ছিল বাংলাদেশ আর ভারত। মুখোমুখি সেই দেখায় বাংলাদেশের পারফরম্যান্স ছিল চরম হতাশার। সাম্প্রতিক সময়ের সবচেয়ে নিষ্প্রাণ ফুটবল উপহার দিয়েছিল বাংলাদেশ। হেরেছিল ৩-০ গোলের ব্যবধানে।
সেমিফাইনালে অবশ্য ভারতের বিপক্ষের সেই নিষ্প্রাণ ফুটবলকে ছাপিয়ে কিছুটা প্রাণ সঞ্চার করেছিল বাংলাদেশ। এশিয়ার আরেক শক্তিশালী নেপালের বিপক্ষে ২-১ গোলের জয়ে টানা তৃতীয়বার ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল কোচ পিটার বাটলারের দল।
তবে ভারতের মাটিতে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। ভারতের মাটিতে খেলা সাফের তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে বাংলাদেশ আর একটি ম্যাচে করেছে গোলশূন্য ড্র। সেটি অবশ্য ছিল ২০১৬ সালে। এরপর ২০১৯ সালে নেপালে আরও একবার ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। আরেকটি ম্যাচে হারে চলমান সাফে। পরের গল্পে অবশ্য জয়ের উল্লাসও করেছে বাংলাদেশ। চলমান সাফের আগের দুই দেখায় ৩-০ আর ৩-১ গোলের জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে ২০১৬ সালেও একবার সাফের ফাইনালেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর ভারত। সেবার বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা রেখে দিয়েছিল ভারত। এবার সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার লক্ষ্য বাংলাদেশের সামনে।

স্পোর্টস ডেস্ক