নয়্যারের হাস্যকর ভুলে দ্রুততম গোলের রেকর্ড
মাঠে আসা কোনো সমর্থকরাই তখন এমনটা ভাবতে পারেনি। সবে ম্যাচের কিক-অফটা হয়েছে। এক খেলোয়াড়ের পা থেকে বলে লাথি মারতে দেখা গেল। তারপর যখন পরের দৃশ্য এলো, তখনই বিস্ময়ে চোখ ছানাবড়া হওয়ার যোগাড়।
বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার বক্স ছেড়ে বল নিয়ে বাইরে এসেছেন। সতীর্থের ব্যাকপাস থেকে পাওয়া বল ক্লিয়ার করতে চাইলেন তিনি। কিন্তু সামনে এগিয়ে আসা অগসবুর্গ ফরোয়ার্ড রবিন ফেলহলারের পিঠে লেগে নয়্যারকে পেছনে ফেলে বল। অভিজ্ঞ নয়্যারের এমন ভুলের যেমন শাস্তি হওয়া উচিত ছিল, তেমনই হয়েছে। বল পেয়ে যান ফেলহলার। তারপর ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে খালি জালে বল ঠেলে দিলেন তিনি।
আজ শনিবার (১০ অক্টোবর) নিজেদের ঘরের মাঠে নয়্যারের ভুলে যখন এমন গোল হজম করল বায়ার্ন ম্যাচের বয়স তখন মাত্র ৮ সেকেন্ড।
জার্মানির শীর্ষ ঘরোয়া ফুটবল লিগে এর আগের দ্রুততম গোলের রেকর্ডটি ছিল ৯ সেকেন্ডের। যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন কেভিন ফলান্ড ও কারিম বেলার্বি।
২০১৪ সালে বায়ার লেভারকুজেনের জার্সি গায়ে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম ৯ সেকেন্ডে গোল করে রেকর্ডটি গড়েছিলেন বেলার্বি। আর তার ঠিক পরের বছর অর্থাৎ ২০১৫ সালে শক্তিশালী বায়ার্নের বিপক্ষেই হফেনহেইমের হয়ে সেই ৯ সেকেন্ডের রেকর্ড স্পর্শ করেছিলেন ফলান্ড।
ম্যাচের শুরুতেই নয়ারের এমন মারাত্মক ভুলের কারণে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত অবশ্য দুইবার পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে আউসবুর্কের সঙ্গে ২-২ গোলে ম্যাচটি ড্র করতে সমর্থ হয় বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্ক