গোলবন্যার ম্যাচে বায়ার্নকে হারাল পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগেই এক অবিশ্বাস্য ফুটবল যুদ্ধের সাক্ষী হলো বিশ্ব। প্যারিসে পিএসজির ঘরের মাঠে রীতিমতো গোলবন্যা দেখা গেল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথমবার ৯ গোলের থ্রিলার শেষে বায়ার্নের বিপক্ষে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্য়ার্নকে ৪-৫ গোলে হারিয়েছে পিএসজি।
শুরুতে পিছিয়ে পড়েও দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ায় পিএসজি। ঘরের মাঠে এই জয়ের ফলে ২০২১ সালের পর প্রথমবার ইউরোপের মঞ্চে বায়ার্নকে হারাল ফরাসি ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণ। সেই আক্রমণের প্রথম সুফলটা পায় বায়ার্ন। ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে নেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তবে সমতায় ফিরতে দেরি করেনি পিএসজি। ২৪তম মিনিটে কাভারাৎসখেলিয়া গোল করে গ্যালারিতে উল্লাস ফেরান। এরপর ৩৩তম মিনিটে জোয়াও নেভেসের হেডে লিড পায় পিএসজি।
বিরতির আগেই ম্যাচে সমতা ফেরায় বায়ার্ন। ম্যাচের ৪১তম মিনিটে ওলিসে পিএসজির জালে বল জড়ান ওলিসে। সেটিও স্থায়ী হয়নি বেশি সময়। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী তারকা উসমান দেম্বেলে।
বিরতির পর খেলার গতি আরও বেড়ে যায়। ৫৬ ও ৫৮তম মিনিটে মাত্র দুই মিনিটের ব্যবধানে কাভারাৎসখেলিয়া ও দেম্বেলে নিজেদের দ্বিতীয় গোল করলে পিএসজি ৫-২ ব্যবধানে এগিয়ে যায়।
মনে হচ্ছিল বায়ার্ন হয়তো খেই হারিয়ে ফেলবে, কিন্তু জার্মান জায়ান্টরা দমে যায়নি। ৬৫ ও ৬৮তম মিনিটে মাত্র তিন মিনিটের ব্যবধানে উপামেকানো ও লুইস দিয়াস গোল করলে ব্যবধান কমে দাঁড়ায় ৫-৪।
ম্যাচের শেষ মুহূর্তে বায়ার্ন সমতায় ফেরার সুযোগ পেলেও গোললাইন থেকে বল ক্লিয়ার করে পিএসজিকে রক্ষা করেন উইলিয়াম পাচো।
আগামী বুধবার বায়ার্নের ঘরের মাঠ মিউনিখে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। সেখানেই নির্ধারণ হবে ফাইনালে যাওয়ার ভাগ্য।

স্পোর্টস ডেস্ক