এশিয়ান ইনডোরে সেমিফাইনালে ইমরানুর
চীনের তিয়ানজিনে শুরু হওয়া এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার প্রথম দিনে ৬০ মিটার স্প্রিন্টে হিটে দ্বিতীয় হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি।
হিটে দৌড় শেষ করতে ইমরানুর সময় নিয়েছেন ৬ দশমিক ৭৩ সেকেন্ড। এই হিটে ৬ দশমিক ৬৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন জাপানের কিরিউ ইয়োশিহিদে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতি হিটের সেরা চার অ্যাথলেট সরাসরি সেমিফাইনালের টিকিট পাবেন। সেই হিসেবে আজ বিকেলেই ফাইনালে ওঠার লড়াইয়ে আবারও ট্র্যাকে নামবেন ইমরানুর।
ইমরানুরের সঙ্গে এই হিট থেকে সেমিফাইনালে উঠেছেন হংকংয়ের কোওক চুন টিং এবং সৌদি আরবের আবদুল্লাহ মোহাম্মদ দাউদ।
এর আগে এই টুর্নামেন্টে ইমরানুরের দারুণ এক রেকর্ড রয়েছে। ২০২৩ সালে কাজাখস্তানে অনুষ্ঠিত আসরে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতে চমক দেখিয়েছিলেন তিনি। এশিয়ার শীর্ষ পর্যায়ের অ্যাথলেটিকসে যা বাংলাদেশের জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন। এরপর ২০২৪ সালে ইরানের তেহরানে অনুষ্ঠিত আসরে তিনি চতুর্থ হয়েছিলেন।
মাঝে চোটের কারণে কিছুটা সময় মাঠের বাইরে থাকলেও গত আগস্টে জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিয়ে দেশের দ্রুততম মানবের মুকুট পুনরুদ্ধার করেন লন্ডনপ্রবাসী এই অ্যাথলেট।
এশিয়ান ইনডোরে এখন পর্যন্ত বাংলাদেশের তিন অ্যাথলেট পদকের দেখা পেয়েছেন। ইমরানুরের স্বর্ণপদক ছাড়াও ৪০০ মিটার স্প্রিন্টে জহির রায়হানের একটি রুপা এবং হাই জাম্পে মাহফুজুর রহমানের একটি ব্রোঞ্জ পদক রয়েছে।

স্পোর্টস ডেস্ক