ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বিসিবি সভাপতি
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় মো. আমিনুল হককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ফুটবল দলের সাবেক এই সফল অধিনায়কের হাতে ক্রীড়াঙ্গনের দায়িত্ব আসায় একে দেশের খেলার জগতের জন্য একটি 'বিশেষ মুহূর্ত' হিসেবে দেখছে বোর্ড।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় বিসিবি জানায়, আমিনুল হকের মতো একজন অভিজ্ঞ ক্রীড়াবিদ এই গুরুত্বপূর্ণ পদে আসায় দেশের তরুণ অ্যাথলেট ও সমর্থকরা দারুণভাবে অনুপ্রাণিত হবেন।
বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আমিনুল হককে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি নিজেই দেশের হয়ে ফুটবল মাঠ কাঁপিয়েছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন। একজন সাবেক খেলোয়াড় হিসেবে মাঠের বাস্তবতা, অ্যাথলেটদের কষ্ট ও চ্যালেঞ্জগুলো তিনি খুব কাছ থেকে বোঝেন। আমি নিশ্চিত, তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতা দেশের সব ধরনের খেলার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আরও উল্লেখ করেন, দেশের খেলাধুলা ও খেলোয়াড়দের মান বাড়াতে নতুন প্রতিমন্ত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আগ্রহী বিসিবি। বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা এবং তাঁদের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে মন্ত্রণালয় ও ক্রিকেট বোর্ড একত্রে পথ চলবে।

স্পোর্টস ডেস্ক