বাটলার বললেন, ‘আমি কারো হাতের পুতুল নই’
নারী এশিয়ান কাপে অংশ নিতে আজ দিনগত রাত ২টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ দল। তবে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বোমা ফাটালেন নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলার। দলের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাটলার সরাসরি বলেন, প্রস্তুতি নিয়ে অনেক 'মিথ্যাচার' করা হয়েছে এবং তিনি কারো ইশারায় চলেন না।
গত জুলাইয়ে এশিয়ান কাপ নিশ্চিত হওয়ার পর বাফুফে নানা প্রস্তুতির কথা বললেও তা যে কেবল কথার কথা ছিল, তা বাটলারের বক্তব্যে পরিষ্কার। যে কারণে তিনি কোনো দোষ নিতে চান না।
বাটলার বলেন, ‘আমাদের প্রস্তুতি নিয়ে অনেক মিথ্যাচার করা হয়েছে। বাস্তবতা হলো—প্রস্তুতি আদর্শ মানের হয়নি। আমি কাউকে আঙুল দিয়ে দেখিয়ে দোষারোপ করছি না, কিন্তু আমাদের একটি পরিকল্পনা ছিল যা কাজে লাগেনি। আমি তখনই দায়ভার নেব, যখন মানুষ মিডিয়ায় গিয়ে এটা বলা বন্ধ করবে যে—সবই কোচের পরিকল্পনা বা কোচের দোষ।’
বাফুফে কর্তাদের ফুটবল জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে বাটলার আরও বলেন, ‘আমি লাইবেরিয়া, বতসোয়ানা, ইংল্যান্ড এবং মালয়েশিয়ার মতো অনেক আন্তর্জাতিক দল পরিচালনা করেছি; আমি কারও হাতের পুতুল নই। বাফুফেতে অনেকেই ফুটবলকে সেভাবে গভীরে গিয়ে বোঝেন না।’
বাংলাদেশের ফুটবলের ভেতরের সমস্যার কথা তুলে ধরে বাটলার বলেন, ‘মাঝেমধ্যে ফুটবলে জয় বা ফলাফল দিয়ে ভেতরের আসল ফাটল বা দুর্বলতাগুলোকে ঢেকে দেওয়া হয় (কিন্তু সেটা দীর্ঘস্থায়ী নয়)। এটা কেবল ম্যাচের প্রথম ১০ মিনিটে দুই গোল আর পরের ২০ মিনিটে আরও দুই গোল দেওয়ার বিষয় নয়।’
আগামী ৩ মার্চ সিডনিতে চীনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপে চীন ছাড়াও রয়েছে উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী দল। এই কঠিন গ্রুপ নিয়ে আকাশকুসুম কল্পনা করতে মানা করেছেন কোচ।
বাটলারের ভাষ্য, ‘যারা ভাবছেন আমরা এখনই বিশ্বকাপে সুযোগ পাব, তাদের বাস্তবে ফিরে আসা উচিত। অবাস্তব কিছু না ভেবে আমাদের ধাপে ধাপে এগোনো উচিত।’
মূল টুর্নামেন্ট শুরুর আগে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে কন্ডিশনিং ক্যাম্প করবে লাল-সবুজের দল।

স্পোর্টস ডেস্ক