মধ্যপ্রাচ্যের যুদ্ধে আটকা পড়া মুশফিক কবে দেশে ফিরবেন?
পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। কিন্তু মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের কারণে দেশে ফিরতে পারছিলেন না তিনি। আটকা পড়েছেন সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায় ইরান। সেই হামলার অংশ হিসেবে সৌদি আরবেও হামলা করে ইরান। এতে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। ফলে মুশফিকের দেশে ফেরা নিয়ে উৎকণ্ঠা বাড়ছিল।
তবে এবার জাতীয় দলের এই ক্রিকেটারের দেশে ফেরা নিয়ে সুখবর দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার সকালেই দেশে ফিরবেন মুশফিক।
উমরাহ শেষ করে গতকাল শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের। জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন তিনি। কিন্তু মাঝ আকাশে থাকা অবস্থায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে নিরাপত্তা জনিত কারণে ফ্লাইটটি মাঝপথ থেকে আবারও জেদ্দায় ফিরিয়ে আনা হয়। ফলে কয়েক হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরেই অবস্থান করতে হচ্ছে তাঁকে।
মুশফিকুর রহিমের বর্তমান অবস্থা নিয়ে আমিনুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে পুরো বিষয়টি মনিটর করছি। মুশফিকের সঙ্গে আমার কথা হয়েছে, সে ভালো ও সুস্থ আছে। ক্রিকেট বোর্ডের সাথেও আলোচনা হয়েছে। আশা করছি, একটি ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই সে ঢাকায় পৌঁছাবে।’
এর আগে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি উমরাহ সম্পন্ন করেছি। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের ফ্লাইট জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সাথে অপেক্ষা করছি। সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া চাইছি।’

স্পোর্টস ডেস্ক