চোটে পড়েছেন রোনালদো, কবে মাঠে ফিরবেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির উত্তেজনার মাঝে আল-নাসের শিবিরে দুশ্চিন্তার ভাঁজ। পেশির চোটে (হ্যামস্ট্রিং) পড়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার সৌদি ক্লাব আল-নাসের আনুষ্ঠানিকভাবে সিআরসেভেনের এই চোটের খবর নিশ্চিত করেছে।
গত শনিবার আল-ফেইহার বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে অস্বস্তি অনুভব করছিলেন রোনালদো। সেই ম্যাচে পেনাল্টি মিস করার পর ৮১ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
আল-নাসেরের বিবৃতিতে জানানো হয়েছে, ৪১ বছর বয়সী এই তারকা ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। তবে তাঁর চোট কতটা গুরুতর, তা নিয়ে ক্লাব স্পষ্ট করে কিছু বলেনি।
আল নাসেরের কোচ জর্জ জেসুস জানিয়েছেন, রোনালদো মূলত ‘মাসল ফ্যাটিগ’ বা মাংসপেশির ক্লান্তিতে ভুগছেন। কোনো ধরনের ঝুঁকি না নিতেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে মাংসপেশিতে চাপ নাকি টিস্যু ছিড়ে যাওয়ার মতো বিষয় সেটি স্পষ্ট করা হয়নি।
ক্লাবের পক্ষ থেকে রোনালদোর জিম করার একটি ছবি প্রকাশ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিনের বিশ্রাম আর সঠিক চিকিৎসায় দ্রুতই মাঠে ফিরবেন তিনি।
রোনালদোর জন্য ফিট থাকাটা এখন সবচেয়ে জরুরি। কারণ আগামী জুন-জুলাইয়ে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন তিনি।

স্পোর্টস ডেস্ক