টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে ভারত ও ইংল্যান্ড। ফাইনালের টিকিট নিশ্চিত করার ম্যাচে টস হেরে ব্যাটিং করবে ভারত। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।
ইংল্যান্ড অধিনায়ক ব্রুক বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আশা করি আমরা বোলিংয়ে একটা ভালো শুরু পাব। টি-টোয়েন্টি ক্রিকেট এমন এক অনিশ্চয়তার খেলা যে, আপনি কখনোই আগে থেকে বলতে পারবেন না কী ঘটতে যাচ্ছে। আশা করি আমরা তাদের রানের চাকা আটকে রাখতে পারব।’
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা আগে ব্যাটিং করার কথা ভাবছিলাম। সেমিফাইনাল বড় ম্যাচ। মাঠের আশেপাশে বেশ বাতাসও বইছে। আমার মনে হয় না খুব বেশি শিশির পড়বে। উইকেটটা বেশ ভালোই মনে হচ্ছে। সেরা একটি উইকেট।’
সুপার এইটে গ্রুপ-১ এ ছিল ভারত। সেমিফাইনাল নিশ্চিত করতে জটিল সমীকরণের মুখে পড়তে হয়েছিল তাদের। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বিশ্বকাপের সহ-আয়োজক দেশ ভারত।
অন্যদিকে, গ্রুপ-১ এ অপ্রতিরোধ্য ছিল ইংল্যান্ড। তিন ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়েছিল ইংলিশ। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।

স্পোর্টস ডেস্ক