এবার আমির বললেন, ক্যাচ ছেড়ে দিলে আমি কী করব?
ভারতকে নিয়ে মোহাম্মদ আমিরের করা ভবিষ্যদ্বাণীগুলো একের পর এক ভুল প্রমাণিত হচ্ছে। তবুও নিজের অবস্থান থেকে সরছেন না পাকিস্তানের এই অভিজ্ঞ পেসার। ভারতের ফাইনাল নিশ্চিত হওয়ার পর আমির এবার দাবি করছেন, ক্যাচ মিসের কারণেই ইংল্যান্ড ম্যাচটি হেরেছে, নইলে ফল অন্যরকম হতে পারত।
এর আগে পাকিস্তানের একটি টিভি শো-তে আমির বলেছিলেন, ভারত সেমিফাইনালেই উঠতে পারবে না। ভারত যখন সেমিফাইনালে উঠল, তখন তিনি বলেছিলেন তারা ফাইনালে যেতে পারবে না। তবে সব হিসেব উল্টে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে টিম ইন্ডিয়া।
ইংল্যান্ডকে হারিয়ে ভারতের ফাইনাল নিশ্চিত হওয়ার পর অনেকেই আমিরের ভুল ভবিষ্যদ্বাণী নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে ৩৩ বছর বয়সী এই পেসার বলেন, ‘আমি সবসময় ক্রিকেটীয় যুক্তি দিয়ে কথা বলি। ভারত এই ম্যাচে এবং পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছে। যেখানে প্রশংসা পাওনা, সেখানে দিতেই হবে।’
তবে নিজের ভবিষ্যৎবাণী রক্ষা করতে গিয়ে তিনি ইংল্যান্ডের ফিল্ডিংকে কাঠগড়ায় দাঁড় করান। আমির বলেন, ‘আমার ভবিষ্যদ্বাণী কিন্তু ঠিক পথেই ছিল। কিন্তু কেউ যদি ক্যাচ ছেড়ে দেয়, তবে আমি কী করব? এটা তো আমার হাতে নেই। সাঞ্জু স্যামসনের মতো ফর্মে থাকা ব্যাটারের ক্যাচ ছাড়লে তার খেসারত তো দিতেই হবে।’
ম্যাচে ১৫ রানের মাথায় সহজ এক ক্যাচ দিয়েছিলেন সাঞ্জু স্যামসন। মিড অনে সেই ক্যাচটি লুফে নিতে পারেননি ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। জীবন ফিরে পেয়ে ৪২ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে বিশাল সংগ্রহের পথে নিয়ে যান স্যামসন।
২৫৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত তারা ২৪৬ রানে থামে। শেষ দিকে জাসপ্রিত বুমরাহ অসাধারণ এক ওভার করে মাত্র ৬ রান দেন, যা ভারতের জয় নিশ্চিত করে।
আমিরের মতে, ‘দুই দলের মধ্যে মূল ব্যবধান গড়ে দিয়েছেন বুমরাহ। তবে হ্যারি ব্রুক যদি স্যামসনের ক্যাচটি নিতে পারত, তবে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিত ইংল্যান্ড।’

স্পোর্টস ডেস্ক