সালাহ-রবার্টসনের নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র দুদিন আগেই উলভারহ্যাম্পটনের কাছে হেরে হোঁচট খেয়েছিল লিভারপুল। তবে সেই হারের ক্ষত দ্রুতই মুছে ফেলল অলরেডরা। এফএ কাপের মঞ্চে উলভসকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্নে স্লটের শিষ্যরা।
শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে এফএ কাপের ম্যাচে উলভসকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। লিভারপুলের এই জয়ের নায়ক স্কটিশ অধিনায়ক অ্যান্ডি রবার্টসন। নিজে গোল করার পাশাপাশি সতীর্থ মোহাম্মেদ সালাহকে দিয়েও গোল করিয়েছেন তিনি।
অ্যানফিল্ডে অনুষ্ঠিত এফএ কাপের পঞ্চম রাউন্ডের এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূণ্য ম্যাড়ম্যাড়ে। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণাত্মক হয়ে ওঠে লিভারপুল। ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে জাল খুঁজে নেন রবার্টসন। চলতি মৌসুমে এটি তার দ্বিতীয় গোল।
২ মিনিট পরই লিভারপুলে হয়ে ব্যবধান দ্বিগুন করেন মোহাম্মেদ সালাহ। ৫৩ মিনিটে রবার্টসনের বাড়ানো দারুণ এক ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন মিশরীয় তারকা। মাত্র দুই মিনিটের ব্যবধানে ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় লিভারপুল।
ম্যাচের ৭৪ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন কার্টিস জোন্স। ৩-০ গোলে পিছিয়ে পড়া উলভস কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। অতিরিক্ত সময়ে তাদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন হোয়াং হি-চান।
ম্যাচ শেষে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে রবার্টসন বলেন, ‘আজকের খেলা আগের ম্যাচের চেয়ে অনেক ভালো ছিল। মঙ্গলবার আমরা সমর্থকদের হতাশ করেছিলাম, তাই আজ ঘুরে দাঁড়ানো জরুরি ছিল। এফএ কাপ মানেই বাঁচা-মরার লড়াই।
আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। লিগের আশা কিছুটা ফিকে হলেও অলরেডদের চোখ এখন কাপ জেতার দিকে। রবার্টসন আরও যোগ করেন, ‘আমরা এখন দুটি কাপ জেতার লড়াইয়ে টিকে আছি। আজকের মতো খেলতে পারলে কোনো দলই আমাদের বিপক্ষে নামতে চাইবে না। তবে আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

স্পোর্টস ডেস্ক