স্লটকে বহিষ্কার করল লিভারপুল, নতুন কোচের আলোচনায় কে?
টানা দুই মৌসুম দায়িত্ব পালনের পর ডাচ কোচ আর্নে স্লটকে চাকরি থেকে বরখাস্ত করল ইংলিশ ক্লাব লিভারপুল। সদ্য সমাপ্ত মৌসুমে দলের চরম ভরাডুবির পর অলরেডদের হেড কোচের পদ থেকে ৪৭ বছর বয়সী স্লটকে সরিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
এরপর গুঞ্জন শুরু হয়েছে স্লটের উত্তরসূরী হচ্ছেন কে? আপাতত স্লটের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বোর্নমাউথের সদ্য বিদায়ী স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলা। লিভারপুলের নতুন কোচের দায়িত্ব নেওয়া নিয়ে ইতোমধ্যে ইরাওলার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে দিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট।
২০২৪ সালে কিংবদন্তি কোচ জার্গেন ক্লপের বিদায়ের পর অ্যানফিল্ডের ডাগআউটে বসেছিলেন আর্নে স্লট। নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করে লিভারপুলকে তাদের ইতিহাসের ২০তম প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিয়েছিলেন তিনি। কিন্তু সাফল্যের সেই চূড়া থেকে স্লটের পতন ঘটল মাত্র এক মৌসুমের ব্যবধানেই।
সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ মৌসুমের ট্রান্সফার উইন্ডোতে পানির মতো টাকা খরচ করেছিল লিভারপুল। রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে আলেজান্ডার ইসাক এবং ১১৬ মিলিয়ন পাউন্ডে ফ্লোরিয়ান ভির্টজসহ মোট ৪১৫ মিলিয়ন পাউন্ড খরচ করে স্কোয়াড সাজিয়েছিল তারা। তবে এত বিপুল অর্থ খরচের পরও লিগে চরম ব্যর্থ হয়েছে অলরেডরা। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করতে হয়েছে তাদের।
টানটান উত্তেজনার লিগে কোনোমতে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কাটলেও চ্যাম্পিয়ন আর্সেনালের চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে ছিল লিভারপুল। মাত্র ৬০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে অলরেডরা। যা ২০১৫-১৬ মৌসুমের পর লিগে তাদের সর্বনিম্ন পয়েন্ট পাওয়ার লজ্জার রেকর্ড। আর এই চরম ব্যর্থতার দায় নিয়েই শেষ পর্যন্ত অ্যানফিল্ড ছাড়তে হলো আর্নে স্লটকে।

স্পোর্টস ডেস্ক