কোয়ার্টার ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
এএফসি নারী এশিয়ান কাপের নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পার্থে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ উজবেকিস্তান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। প্রথম দুই ম্যাচে হারলেও এখনও কাগজে-কলমে আশা বেঁচে আছে বাংলাদেশের। তবে সেজন্য আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।
প্রথম ম্যাচে চীনের কাছে ২-০ এবং দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজকের ম্যাচেও ফেভারিট হিসেবে নামছে না বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১১২তম) চেয়ে উজবেকিস্তান (৪৯তম) ৬৩ ধাপ এগিয়ে। মাঠের শক্তিতেও তারা অনেক শক্তিশালী। তবে সমীকরণ মেলাতে হলে এই পাহাড়সম বাধা টপকাতেই হবে বাংলাদেশকে।
নিয়ম অনুযায়ী, তিন গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্সআপের পাশাপাশি তিন নম্বরে থাকা সেরা দুই দল সুযোগ পাবে কোয়ার্টার ফাইনালে। এখন বাংলাদেশ সেই সুযোগের চেষ্টা করছে।
তবে সব সমীকরণের প্রথম ধাপ হলো এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। যদি জিততে পারে তাহলেই কেবল সমীকরণ বেঁচে থাকবে। তবে শুধু জিতলেই হবে না, কমাতে হবে গোল ব্যবধান।
বর্তমানে বাংলাদেশের গোল ব্যবধান -৭। অন্যদিকে উজবেকিস্তানের -৬। কোয়ার্টার ফাইনালে যেতে হলে বাংলাদেশকে এই গোল ব্যবধান কমিয়ে আনতে হবে ৩ বা ৪ এ। অর্থাৎ এ ম্যাচে বাংলাদেশকে নূন্যতম ৩ বা ৪ গোলের ব্যবধানে জিততে হবে।
উপরের দুই সমীকরণ মেলানোর পর বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের দিকে। যদি ভারত ৪ গোলে চাইনিজ তাইপেকে এবং জাপান ৫ গোলে ভিয়েতনামকে হারায়, তবেই বাংলাদেশ তৃতীয় সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ পাবে।
যদি বাংলাদেশ কোনোভাবে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়, তবে তাদের অলিম্পিক বাছাইপর্ব ও আগামী বিশ্বকাপ খেলার স্বপ্নও এবারের মতো শেষ হয়ে যাবে। তাই সমীকরণ যত কঠিনই হোক না কেন, আজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা।

স্পোর্টস ডেস্ক