বিশ্বকাপ না খেলা নিয়ে তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। টাইগারদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আবেদনও করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে।
এ নিয়ে আইসিসির সঙ্গে প্রায় মাসখানেক চলে আলোচনা। এরপর এক বৈঠক শেষে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দেয় ভারতে গিয়েই খেলতে হবে বিশ্বকাপ। বাংলাদেশ রাজি না হওয়ায়, টাইগারদের পরিবর্তে বিশ্বকাপে ডাকা হয় স্কটল্যান্ডকে।
বিশ্বকাপ শেষ হয়ে গেছে। আবারও স্বাভাবিক হতে শুরু করেছে দেশের ক্রিকেট কার্যক্রম। কিন্তু এবার নতুন করে বিশ্বকাপ ইস্যু সামনে এল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুর বাংলা স্কুলে গিয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, কেনো বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারল না তার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করবে ক্রীড়া মন্ত্রণালয়।
আমিনুল বলেন, ‘আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ হয়েছে, কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি। কিন্তু কেন এটি হয়েছে সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে। এবং আমি আশা করি যে এই বিষয়গুলো নিয়েও আমি একটি তদন্ত কমিটি গঠন করব।’
আমিনুল আরও বলেন, ‘কেন আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, আমাদের কোথায় সমস্যা ছিল বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে পরবর্তীতে এলে এগুলো প্রতিবেদন আকারে ক্রিকেট বোর্ড এবং যারা এটার সঙ্গে জড়িত ছিলেন তাদের কাছ থেকে অবশ্যই চাইব।’

স্পোর্টস ডেস্ক