জয় দিয়ে শেষটা রাঙাতে চান কাবরেরা
বাংলাদেশের এশিয়ান কাপে খেলার স্বপ্ন শেষ হয়েছে আরও এক ম্যাচ আগেই। আগামী মঙ্গলবার (৩১ মার্চ) শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। বাছাইয়ের তৃতীয় রাউন্ড পেরিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। বাছাই পেরোতে না পারলেও শেষটা জয় দিয়ে রাঙাতে চান বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।
সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) বাছাইয়ে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে প্রথম লেগের দেখায় ঢাকায় ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
এ ম্যাচে সিঙ্গাপুরকে হারানো নিয়ে কাবরেরা বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। এখানে আসার আগে আমরা ভিয়েতনামের বিপক্ষে একটি কঠিন পরীক্ষা (ম্যাচ) দিয়ে এসেছি। ভিয়েতনাম ম্যাচের ফলাফলটা অবশ্যই হতাশাজনক ছিল, কিন্তু সেখান থেকে অনেক ইতিবাচক দিক নেওয়ার আছে। একটি উঁচু র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলা দলের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। সেই ম্যাচ থেকে শেখা বিষয়গুলো আমরা সিঙ্গাপুরের বিপক্ষে কাজে লাগাব।’
বাংলাদেশ দলের সেট পিসের দুর্বলতা বেশ পূরনো। অনেকবারই খেলার মোমেন্টাম নষ্ট হয়েছে সেট পিস থেকে গোল হজম করে। এ ম্যাচে সেটি কমিয়ে আনার কথা বললেন বাংলাদেশের স্প্যানিশ কোচ।
কাবরেরা বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো জয়। যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি এবং ছোটখাটো ভুলগুলো (বিশেষ করে সেট পিসগুলোতে) কমিয়ে আনতে পারি, তবে আমরা অবশ্যই ৩ পয়েন্ট অর্জন করতে পারব।’
তবে বাংলাদেশের কাজটা সহজ নয়। কার্ড খরায় এ ম্যাচে খেলা হচ্ছে না তপু বর্মণ ও রাকিব হোসেনের। চোটের কবলে ছিলেন ফয়সাল আহমেদ ফাহিম ও কাজেম শাহ কিরমানি। তবে প্রথম দিনের অনুশীলন শেষে ফাহিম ও কাজেমকে নিয়ে স্বস্তির খবর দিয়েছেন কাবরেরা।
কাবরেরা বলেন, “ফাহিম ও কাজেম এখন সম্পূর্ণ ফিট। সিঙ্গাপুরের বিপক্ষে খেলার জন্য তারা প্রস্তুত আছে। অভিজ্ঞ খেলোয়াড়দের (তপু ও রাকিব) অভাব সবসময়ই অনুভূত হয়, যারা জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ খেলেছেন। তবে এটি অন্যান্য খেলোয়াড়দের জন্য একটি বড় সুযোগ যারা এই ধরনের পরিস্থিতিতে আগে খেলার সুযোগ পায়নি।”

স্পোর্টস ডেস্ক