চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সামনে সেই অ্যাতলেটিকো
লা লিগায় দুদলের সর্বশেষ দেখায় হেসেছিল বার্সেলোনা। ২-১ গোলের জয়ের পরও ম্যাচসেরা হয়েছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের গোলরক্ষক হুয়ান মুসো। চ্যাম্পিয়ন্স লিগের পরিসংখ্যানে এগিয়ে অ্যাতলেটিকো। চার দেখায় জিতেছে দুটি, এক ড্র। হার কেবল একবার। স্পেনের দুই বিখ্যাত ক্লাব এর আগের চারবার মুখোমুখি হয়েছিল কোয়ার্টার ফাইনালে।
চ্যাম্পিয়ন্স লিগে আজ বুধবার (৮ এপ্রিল) দিনগত রাত ১টায় কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হবে বার্সা-অ্যাতলেটিকো। যার প্রস্তুতি সারা হয়েছে গত ৫ এপ্রিলের লিগ ম্যাচে। তবে, এই টুর্নামেন্টে দীর্ঘ ১০ বছর পর একে অপরকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্লাব দুটি।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে অ্যাতলেটিকোকে আতিথ্য দেবে বার্সেলোনা। যে মাঠে এই প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বশেষ ২৫ দেখায় অপরাজিত কাতালানরা। ১৭ জয়ের বিপরীতে ড্র ৮টি। অ্যাতলেটিকো পিছিয়ে থাকবে আরেক জায়গায়। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে ৫টি অ্যাওয়ে ম্যাচের চারটি হেরেছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। কেবল একটি ম্যাচে ড্র করতে পেরেছে।
বার্সা কোচ হ্যানসি ফ্লিকও যে খুব স্বস্তিতে আছেন, তেমনটি নয়। গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে পাচ্ছেন না দলের অন্যতম সেরা তারকা রাফিনিয়াকে। একই কারণে মাঠের বাইরে থাকতে হবে ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে।
সমস্যা দুদলেই আছে। মঞ্চটা যখন চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে, কেউ ছাড় দেবে না। বার্সার জন্য এটি প্রতিশোধের মঞ্চ বটে। এক দশক আগে কোয়ার্টার ফাইনালে থেকেই তাদের বিদায় করেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক