বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন
তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এবার গঠিত হলো বিসিবির নতুন পরিচালনা পর্ষদ।
আজ বুধবার (৮ এপ্রিল) মিরপুরে বিসিবি ভবনে প্রথমবার বোর্ড সভায় বসেছিলেন তামিমের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটি। সেখানেই বন্টন করা হয়েছে বোর্ডের বিভিন্ন দায়িত্ব।
তামিম ইকবাল নিজের কাছে রেখেছেন দুটি বিভাগ। সভাপতির পাশাপাশি ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজ কমিটির দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল।
মার্কেটিং বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে সালমান ইস্পাহানিকে। লজিস্টিক বিভাগ দেখবেন মির্জা ইয়াসির আব্বাস। গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা।
নতুন পরিচালনা পর্ষদে টুর্নামেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে মিনহাজুল আবেদীন নান্নুকে। উইমেন্স উইং, মেডিকেল ও কমপ্লেইন বিভাগ সামলাবেন রাশনা ইমাম। গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে রফিকুল ইসলাম বাবুকে।
এছাড়াও আম্পায়ার্স কমিটির দায়িত্ব পেয়েছেন আতহার আলী খান। তবে ক্রিকেটের গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়নি কাউকে।
এর আগে গতকাল মিরপুরে এক সংবাদ সম্মেলন করে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়ার ঘোষণা দেন এনএনসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এরপর ৩ মাসের জন্য তামিমের নেতৃত্ব অ্যাডহক কমিটি গঠন করা হয়।

স্পোর্টস ডেস্ক