এশিয়ান গেমসের আগে বাংলাদেশ শিবিরে চোটের ধাক্কা
এশিয়ান গেমসকে সামনে রেখে মিরপুরে চলছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি। কয়েক দিনের অনুশীলনের পর আজ (২১ সেপ্টেম্বর) দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচেও নেমেছিলেন ক্রিকেটাররা। জাপানের আইচি নাগোয়ায় সোনা জয়ের লক্ষ্য নিয়ে পূর্ণ শক্তির দল সাজানোর পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ। কিন্তু চোট সেই প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।
চোটের কারণে এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরবর্তীতে পরীক্ষায় তার চোটের বিষয়টি নিশ্চিত হয়। ফলে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে তাকে ছাড়াই দল সাজাতে হচ্ছে বাংলাদেশকে।
সাইফউদ্দিনের পরিবর্তে কে দলে আসবেন, সেটিও এখনো নিশ্চিত হয়নি। বিসিবির টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানিয়েছে, এশিয়ান গেমসের দল বেশ আগেই আয়োজকদের কাছে পাঠানো হয়েছে। তাই শেষ মুহূর্তে পরিবর্তনের সুযোগ আছে কি না, সে বিষয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে জানতে চেয়েছে বিসিবি।
এদিকে দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় নাজমুল হোসেন শান্তকে নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। প্রায় দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা এই ব্যাটার বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলে চোট পেয়েছেন। সমস্যার কারণে তিনি জুতা পরতে পারছেন না।
আজ (২১ সেপ্টেম্বর) মিরপুরের প্রস্তুতি ম্যাচেও শান্তকে ব্যাটিং করতে দেখা যায়নি। মাঠের পাশেই খালি পায়ে দৌড়াতে দেখা গেছে তাকে। ফলে এশিয়ান গেমসের আগে তার ম্যাচ ফিটনেস নিয়েও নজর রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
আগামী ২৪ সেপ্টেম্বর জাপানের বিমান ধরবে বাংলাদেশ দল। ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে টাইগাররা। প্রথম পর্বের ফলের ভিত্তিতে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমান।
কোয়ার্টার ফাইনালে জয় পেলে ১ অক্টোবর সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক