সন্ধ্যায় ঢাকা লিগ নিয়ে ক্লাবগুলোর সঙ্গে বিসিবির বৈঠক
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়াবে কি না, তা নিয়ে গত কয়েক মাস ধরে ক্রিকেটারদের মনে ছিল চরম সংশয়। অবশেষে সেই অনিশ্চয়তা কাটতে শুরু করেছে। ঢাকা লিগের ভাগ্য নির্ধারণে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় সব ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি কার্যালয়ে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় এই আলোচনা সভা শুরু হবে। সেখানে মূলত লিগের দলবদল এবং খেলা শুরুর চূড়ান্ত তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, ঢাকা লিগ শুরু হলে লাল বলের বিসিএল টুর্নামেন্ট কিছুটা পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে।
বিসিবির সাবেক কমিটির সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণে আটকে ছিল লিগ। ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বারবার হতাশা প্রকাশ করেছেন। গতকাল বুধবার বিসিবির নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে সভাপতি তামিম ইকবাল লিগ নিয়ে ইতিবাচক বার্তা দেন।
তামিম বলেন, ‘প্রিমিয়ার লিগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দ্রুতই ক্লাবগুলোর সঙ্গে বসব। সবার সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব দলবদলের তারিখ ঘোষণা এবং খেলা মাঠে নামানোই আমাদের প্রধান লক্ষ্য।’
মাঠের স্বল্পতা নিয়ে শঙ্কা থাকলেও তামিম জানিয়েছেন, প্রয়োজনে বেসরকারি মাঠ বা একাডেমি ভাড়া করে লিগ আয়োজন করা হবে। তিনি বলেন, ‘মাঠ নিয়ে সমস্যা হতে পারে, তবে যদি প্রয়োজন পড়ে আমরা মাঠ ভাড়া করব। এখন অনেক প্রাইভেট একাডেমি আছে যেখানে প্রথম শ্রেণির ম্যাচ আয়োজনের ভালো ব্যবস্থা আছে। আমরা পিছু হটব না।’

স্পোর্টস ডেস্ক