বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটের মূল্য প্রকাশ
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ এপ্রিল। এরপর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ঢাকা ও চট্টগ্রাম দুই ভেন্যুতে হবে এই সিরিজ। পুরো সিরিজের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য তালিকা প্রকাশ করে বিসিবি। আজ সন্ধ্যা থেকেই টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে অনলাইনে। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। আর সর্বনিম্ন ২০০ টাকা।
মিরপুরে ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। নর্দান গ্যালারি ও শহীদ আবু সাইদ স্ট্যান্ডে খেলা দেখতে গুনতে হবে ৪০০ টাকা। ক্লাব হাউজ সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড) ও ক্লাব হাউজ নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড)- এ খেলা দেখা যাবে ৬০০ টাকায়।
ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ ও সাউথ এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ- এ খেলা দেখতে গুনতে হবে এক হাজার ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার আর গ্র্যান্ড স্ট্যান্ড আপার এ বসে নিউজিল্যান্ড সিরিজ উপভোগ করা যাবে ২ হাজার ৫০০ টাকায়।
অন্যদিকে, চট্টগ্রামে ইস্টার্ন গ্যালারিতে খেলা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়। ওয়েস্টার্ন গ্যালারিতে লাগবে ৩০০ টাকা। শহীদ আবু সাইদ আর শহীদ শ্রাবণ স্ট্যান্ডে খেলা দেখতে খরচ হবে ৬০০ টাকা।
এছাড়া, রুফ টপ ইস্ট ও ওয়েস্ট প্যাভিলিয়ন এবং গ্র্যান্ড স্ট্যান্ড ইস্ট ও ওয়েস্ট-এ বসে খেলা উপভোগ করতে গুনতে হবে ২ হাজার ৫০০ টাকা।

স্পোর্টস ডেস্ক