বাংলাদেশে আসার আগে নিউজিল্যান্ড স্কোয়াডে পরিবর্তন
চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে কিউইদের। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। বাংলাদেশে আসার দিন চারেক আগেই স্কোয়াডে জোড়া পরিবর্তন আনল ক্রিকেট নিউজিল্যান্ড।
বাংলাদেশ সফরে দুই সিরিজের দলেই ছিলেন ক্রিস্টিয়ান ক্লার্ক। কিন্তু চোটের কারণে আর বাংলাদেশে আসা হচ্ছে না তার। নিউজিল্যান্ড ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে গত বুধবার ক্যাচ নিতে গিয়ে হাতে চোট পেয়েছেন তিনি। সেই চোটের কারণেই বেশকিছু দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ডানহাতি এই পেসার পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে বাঁহাতি পেসার বেন লিস্টারকে। তিনিও বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে আছেন। নিউজিল্যান্ডের হয়ে দুটি ওয়ানডে আর ১২টি টি-টোয়েন্টি খেলেছেন ২০ বছর বয়সী এই পেসার।
অন্যদিকে, নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের ওয়ানডে দলে ছিলেন বেন সিয়ার্স। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল রাওয়ালপিন্ডিজে বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তিনি। যে কারণে বাংলাদেশ সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। ইতোমধ্যে ক্রিকেট নিউজিল্যান্ড তাকে পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্রও দিয়ে দিয়েছে।
তবে তার পরিবর্তে কোনো ক্রিকেটারকে স্কোয়াডে ডাকা হয়নি। জানা গেছে, পিএসএল শেষ করে টি-টোয়েন্টি সিরিজের দলে যোগ দেবেন ২৮ বছর বয়সী এই পেসার।

স্পোর্টস ডেস্ক