বড় চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা
আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সেই সিরিজের জন্য বড় চমক দিয়ে দল ঘোষণা করেছে কিউইরা।
সোমবার (৩০ মার্চ) দুই সিরিজের জন্য আলাদা করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। নিয়মিত স্কোয়াডের অনেক সদস্যকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। দলে প্রাধান্য দেওয়া হয়েছে তরুণ ক্রিকেটারদের।
নিয়মিত অধিনায়ক মিচেল স্ট্যান্টনার দলে নেই। আইপিএল খেলার কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। স্যান্টনারের পরিবর্তে দুই সিরিজেই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার টম লাথাম।
অন্যদিকে, চোট কাটিয়ে দলে ফিরেছেন তিনজন ক্রিকেটার। যেখানে আছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। ও’রুর্ক ওয়ানডে দলে, টিকনার টি-টোয়েন্টিতে আর দুই ফরম্যাটের দলেই জায়গা করে নিয়েছেন ফিশার।
আগামী ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২০ এপ্রিল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
২৭ এপ্রিল চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২৯ এপ্রিল। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২ মে।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড :
টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড :
টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

স্পোর্টস ডেস্ক