হারের কারণ হিসেবে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
আধুনিক সময়ে যেখানে ওয়ানডে ক্রিকেটে অহরহ ৩০০ রান তাড়া করে জিতছে দলগুলো, সেখানে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল আড়াইশ রানেরও কম। সাইফ হাসান আর লিটন দাসের ব্যাটিংয়ের পর সেটি তাড়া করে জেতা সহজও মনে হচ্ছিল। কিন্তু সেই সহজ ম্যাচও কঠিন করে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৪৮.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২২১ রান করতে পেরেছে বাংলাদেশ। হেরেছে ২৬ রানের ব্যবধানে।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। স্মিথের এক ওভারেই বিদায় নেন তানজিদ হাসান তামিম আর নাজমুল হোসেন শান্ত। সেখান থেকে দলকে এগিয়ে নিয়েছিলেন সাইফ হাসান আর লিটন দাস। তারা দুজন ফিরলেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। ব্যাটাররা আর দায়িত্ব নিতে পারেননি।
হারের কারণ হিসেবে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক মিরাজ বলেন, ‘এই উইকেটে রান তাড়া করা খুব একটা কঠিন নয়। তবে, বোলিং সাইডের জন্য ব্যাক-টু-ব্যাক উইকেট নেওয়াটাই গুরুত্বপূর্ণ মোমেন্টাম এনে দেয়। আমাদের একটি ভালো পার্টনারশিপ ছিল, কিন্তু আমাদের ম্যাচ ভালোভাবে শেষ করতে হবে, তা না হলে আমরা জিততে পারব না।’
বোলিংয়ে দারুণ করেছেন শরিফুল ইসলাম-রিশাদ হোসেনরা। আটোসাটো বোলিংয়ে নিউজিল্যান্ডকে চেপে ধরেছিলেন তারা। যদিও মাঝে বোলারদের হতাশ করেছিলেন ফিল্ডাররা। গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ ফেলেছিলেন সাইফ আর তামিম। সেটিকেও হারের কারণ হিসেবে দেখছেন মিরাজ।
টাইগার অধিনায়ক বলেন, ‘আমি মনে করি আমরা সত্যিই খুব ভালো বোলিং করেছি। আমাদের বোলাররা তাদের অল্প রানে আটকে রাখতে দারুণ কাজ করেছে। যদি আমরা দুটি ক্যাচ নিতে পারতাম, তবে তাদের ২০০ রানের নিচেই রাখা যেত। তাই আমার মনে হয় এটাই আমাদের দিক থেকে বড় ভুল ছিল।’

স্পোর্টস ডেস্ক