যে কৌশলে মেসিকে আটকাতে চান ইংল্যান্ড কোচ
আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে লিওনেল মেসিকে ঠেকানোর বিশেষ পরিকল্পনা নিয়ে ভাবছে ইংল্যান্ড। ইংলিশ কোচ টমাস টুখেল জানিয়েছেন, আর্জেন্টাইন অধিনায়ককে নিষ্ক্রিয় করতে প্রয়োজনে পুরোনো কৌশল ‘ম্যান-মার্কিং’-এর আশ্রয়ও নিতে পারেন তারা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টুখেল জানান, মেসিকে একজন নির্দিষ্ট খেলোয়াড় দিয়ে সারাক্ষণ অনুসরণ করানোর বিষয়টি তার মাথায় এসেছে। যদিও এই কৌশল শেষ পর্যন্ত বাস্তবায়ন করা হবে কি না, সে সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
টুখেল বলেন,‘আমি ভাবছিলাম, আমরা মেসিকে আটকানোর জন্য একদম পুরোনো ঘরানার ম্যান-মার্কিং করতে পারি কি না। এখনও নিশ্চিত নই, তবে বিষয়টি আমার মাথায় এসেছে। সবাই জানে মাঠের কোন জায়গাগুলোতে সে বল পেতে ভালোবাসে। খেলা বিশ্লেষণ করলে মনে হয়, মাঠের অন্য সবার চেয়ে সে অনেক আগেই পরিস্থিতি বুঝে ফেলে।’
‘বলটা যেন নিজে থেকেই তার কাছে চলে আসে। সে নিখুঁতভাবে ফাঁকা জায়গা খুঁজে নেয়, বাঁ পায়ের শট নেওয়ার জন্য জায়গা তৈরি করে এবং সুযোগ পেলেই দুর্দান্ত ফিনিশিং করে। আমরা তাদের খেলার কিছু নির্দিষ্ট ধরন চিহ্নিত করেছি। কিন্তু সমস্যা হলো, আপনি যদি একটি পথ বন্ধও করে দেন, সে নতুন আরেকটি পথ খুঁজে নেয় বা তৈরি করে ফেলে। এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে’ –যোগ করেন টুখেল।
চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে আছেন আর্জেন্টাইন অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক