ফিরলেন সাইফ, তবুও এগিয়ে বাংলাদেশ
শুরুতেই ধাক্কা খেয়ে ভিন্ন কিছুর আভাস দিচ্ছিল বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেছিলেন লিটন দাস আর সাইফ হাসান। প্রতিরোধ গড়ে এরপর দুজন মিলে উইকেটে কাটিয়ে দিয়েছিলেন ১৭ ওভার। দলীয় ১০০ রান ছাড়িয়ে নিয়েছেন। তবে এরপর ফিরে গেছেন সাইফ।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে রানা তাড়ায় নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে বাংলাদেশ।
ইনিংসের চতুর্থ ওভারে জোড়া উইকেট পড়ার পর নিউজিল্যান্ডের বোলারদের শাসন করা শুরু করেন লিটন-সাইফ। নাথান স্মিথ-জেইডন লিননক্সদের আর কোনো সুযোগ না দিয়ে তৃতীয় উইকেটে ১১৩ বলে ৯৩ রানের অপরাজিত জুটি গড়েন তারা।
দায়িত্বশীল ব্যাটিংয়ে ইতোমধ্যে হাফসেঞ্চুরি তুলে নেন সাইফ হাসান। এরপর তিনি ফিরলে ভাঙে সেই জুটি। ফেরার আগে ৭৬ বলে ৫৭ রান করেন এই ওপেনরা।
হাফসেঞ্চুরির দিকে ছুটতে থাকা লিটনকে সঙ্গ দিতে উইকেটে এসেছেন তাওহিদ হৃদয়।
শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ, সামাল দেওয়ার চেষ্টায় সাইফ-লিটন
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় খেয়েছে বাংলাদেশ। দলীয় ২১ রানের মাথায় দুই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। বর্তমানে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন সাইফ হাসান ও লিটন দাস।
সাইফ হাসানের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে এসেছিলেন তানজিদ হাসান তামিম। নিউজিল্যান্ডের বোলারদের সামনে সেভাবে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল না তাদের। এরই মাঝে ইনিংসের চতুর্থ ওভারে নাথান স্মিথের বলে এগিয়ে এসে বড় শট খেলার চেষ্টা করেন তামিম। কিন্তু ব্যাটে-বলে কোনো সংযোগ হয়নি। বল সোজা গিয়ে আঘাত হানে স্টাম্পে।
এরপর তিন নম্বরে ব্যাটিং নেমে গোল্ডেন ডাক মেরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। স্মিথের সুইং করে ভেতরে ঢোকা বলের কোনো উত্তর খুঁজে পাননি শান্ত।
এর আগে শরিফুল ইসলাম-রিশাদ হোসেনদের দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে আড়াইশ পেরোনোর আগেই আটকে দেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৪৭ রান করে কিউইরা।

স্পোর্টস ডেস্ক