অবসর ভেঙে বিশ্বকাপ দলে ফিরতে চান সুয়ারেজ
গুঞ্জন শেষে ২০২৪ সালে জাতীয় দলকে বিদায় বলে দেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। এখানেই মাস দুয়েক পরে শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। খেলবে তার দেশ উরুগুয়েও।
সুয়ারেজের বয়সের এখন ৩৯ বছর। এ অবস্থায়ও বিশ্বকাপে খেলার স্বপ্ন ছাড়তে পারছেন না দেশটির সর্বোচ্চ এই গোলদাতা। আবারও ফিরতে চান জাতীয় দলে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের মাঠে আলো ছড়াতে চান।
উরুগুয়ের সংবাদমাধ্যম ‘ডায়ারিও ওভেশন’কে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, “দেশের হয়ে খেলার ইচ্ছা সব সময়ই কাজ করে। যখন বিশ্বকাপ সামনে, তখন কি আপনি দূরে থাকতে পারেন? আমি কখনোই নিজের দেশকে ‘না’ বলতে পারব না। যতদিন আমি সক্রিয়ভাবে ফুটবল খেলছি, উরুগুয়ের প্রয়োজনে আমি সব সময় প্রস্তুত।”
২০২৪ সালের সেপ্টেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সুয়ারেজ। সে সময় তিনি জানিয়েছিলেন, তরুণদের সুযোগ করে দিতেই জাতীয় দল থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে বর্তমান প্রেক্ষাপটে নিজের সিদ্ধান্ত নিয়ে ফের ভাবছেন তিনি।
সুয়ারেজের ভাষ্যমতে, ‘আমি বেশ কিছু কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ফুটবলের প্রতি আমার জেদ আর উদ্দীপনা এক বিন্দুও কমেনি।’
২০০৭ সালে অভিষেকের পর দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে উরুগুয়ের হয়ে ১৪৩ ম্যাচে রেকর্ড ৬৯টি গোল করেছেন সুয়ারেজ। বর্তমানে ইন্টার মিয়ামির হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। সম্প্রতি অস্টিন এফসির বিপক্ষে গোল করে নিজের ফিটনেসের প্রমাণও দিয়েছেন।
মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো তাঁর প্রশংসা করে বলেন, ‘লুইস এখনো অসাধারণ, সে যেকোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্বকাপের আসর। উরুগুয়ে ‘এইচ’ গ্রুপে লড়বে স্পেন, কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে। উরুগুয়ের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সুয়ারেজের বর্তমান শহর মিয়ামিতে। নিজের আঙিনায় বিশ্বকাপের ম্যাচ খেলার এই সুযোগ হয়তো হাতছাড়া করতে চাইছেন না সাবেক এই বার্সেলোনা তারকা।

স্পোর্টস ডেস্ক