কেপ ভার্দের ইতিহাস ছাপিয়ে উরুগুয়ের চমক
ম্যাচের শুরুর দিকেই উরুগুয়ের জালে বল জড়িয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে। এরপর ৪৪ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রেখে আরেকটি চমকের আভাস দিচ্ছিল তারা। কিন্তু প্রথমার্ধের শেষের চমকে সেই সেটি আর হতে দিল না উরুগুয়ে। ঘুরে দাঁড়িয়ে লিড নিয়ে বিরতিতে গেল তারা।
আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত ৪টায় যুক্তেরাষ্ট্রের মায়ামিতে মুখোমুখি হয়েছে দুই দল। প্রথমার্ধ শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে উরুগুয়ে।
ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে কেপ ভার্দের রক্ষণে চাপ তৈরি করছিল উরুগুয়ে। দারুণ দক্ষতায় সেগুলো সামালও দিচ্ছিল আগের ম্যাচে স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে। এরই মাঝে প্রতিআক্রমণ থেকে নতুন ইতিহাস গড়ে ফেলে তারা।
ম্যাচের ২১তম মিনিটে বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোল তুলে নেয় কেপ ভার্দে। তাদের হয়ে নতুন এই ইতিহাস গড়েন কেভিন লেনিনি। বক্সের সামনে পাওয়া ফ্রি-কিক থেকে সরাসরি গোল আদায় করে নেন তিনি।
এরপর দারুণ ডিফেন্সে সেই লিড ধরে রেখে আরেকটি চমক দেখানোর অপেক্ষায় প্রহর গুনছিল তারা। ম্যাচের ৪৪ মিনিট পর্যন্ত সফলও ছিল তারা। কিন্তু এরপরই সব এলোমেলো হয়ে যায়।
ম্যাচের ৪৪তম মিনিটে বামপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে উরুগুয়ে। বক্সের মধ্যে দারুণ একটি ক্রস বাড়ান উরুগুয়ের একজন। সেটি ক্লিয়ার করতে গিয়ে প্রায় জালে বল জড়িয়ে দিয়েছিলেন উরুগুয়ের সিডনি লোপেস ক্যাবরাল। সেটি বারে লেগে ফিরে এলে বল পান মাক্সিমিলিয়ানো আরাউহো। কাছে থেকে হেডে বল জালে জড়ান তিনি।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আগুস্তিন কানোবিও। আরাউহোর পাস থেকে বল পেয়ে দারুণ ভোলিতে বল জালে জড়ান আগুস্তিন। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় উরুগুয়ে।

স্পোর্টস ডেস্ক