বাড়ানো হলো ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড। ঘরোয়া ক্রিকেটে পুরুষ ও নারী উভয় ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে বিসিবি। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিসিবির অফিসিয়াল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ক্রিকেটারদের এই বেতন বাড়ানোর কথা জানিয়েছে বোর্ড।
বিসিবির পোস্টে দেখা যায় ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের বেতন ৩৫ হাজার থেকে বাড়িয়ে ৬৫ হাজার টাকা করা হয়েছে।‘বি’ গ্রেডের ক্রিকেটারদের বেতন ৩৫ হাজার থেকে ৫০ হাজার করা হয়েছে। ‘সি’ গ্রুপের ক্রিকেটারদের বেতন ৩৫ হাজার থেকে করা হয়েছে ৪০ হাজার টাকা।
এছাড়া, এনসিএল ও বিসিএলে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে ২৫ হাজার টাকা। আগে এই দুই টুর্নামেন্টের ম্যাচ ফি ছিল ৭৫ হাজার টাকা। বর্তমানে এটি করা হয়েছে এক লাখ টাকা।
তবে পুরুষ ক্রিকেটারদের তুলনায় কিছুটা কম বেড়েছে নারী ক্রিকেটারদের বেতন। পূর্বে নারী ক্রিকেটারদের বেতন ছিল ৩০ হাজার টাকা। ১০ হাজার বাড়িয়ে সেটি করা হয়েছে ৪০ হাজার টাকা।
নারী ক্রিকেটারদেরও ম্যাচ ফি বাড়ানো হয়েছে। টি-টোয়েন্টিতে ম্যাচ ফি ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার টাকা। ওয়ানডে ফরম্যাটে ১০ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ১৫ হাজার টাকা। তবে লংগার ভার্সনে আগের মতোই ২০ হাজার টাকা আছে।

স্পোর্টস ডেস্ক