দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড দল
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ২৬ জনের বিশাল এক বহর নিয়ে গতকাল রাত ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন কিউই ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের সরাসরি টিম হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের এই বহরটি দুই ভাগে বাংলাদেশে এসেছে। শ্রীলঙ্কা সফরে থাকা নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলছিলেন এমন ৩ জন ক্রিকেটার গতকাল আগেই ঢাকায় পৌঁছান। এরপর রাতের ফ্লাইটে কোচ, খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের বাকি ২২ জন সদস্য একসঙ্গে এসে পৌঁছান।
আগামী ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। ২০ এপ্রিল একই মাঠে একই সময়ে শুরু হবে দ্বিতীয় ওয়ানডে। ২৩ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এ ম্যাচটিও শুরু হবে সকাল ১১টায়।
একই মাঠে ২৭ এপ্রিল মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। নতুন সূচি অনুযায়ী, এই ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। একদিন বিরতি দিয়ে ২৯ এপ্রিল চট্টগ্রামেই মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মে মিরপুর শেরেবাংলায়।

স্পোর্টস ডেস্ক