ট্রেভর ইসলামকে নিয়ে সুখবর দিল বাফুফে
বাংলাদেশের ফুটবলে যেন হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে এসেছেন হামজা চৌধুরী। তার পথ ধরেই একে একে বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়াতে আসছেন প্রবাসী ফুটবলাররা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন আরও একটি বড় নাম।
প্রবাসী ফুটবলারদের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম ট্রেভর ইসলাম। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার স্ট্রাইকার পজিশনে খেলেন। বাংলাদেশের দীর্ঘদিনের মাথার ব্যাথার কারণ যে গোলখরা, সেটি কাটাতে তিনি হয়তো হবেন সেরা সমাধান। তাকে নিয়ে এবার সুখবর জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশেনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম।
ট্রেভর ইসলামের বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি দেখভাল করছেন ফাহাদ করিম। আজ শুক্রবার (১৭ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ট্রেভর ইসলামের বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়েছেন তিনি। সেখানে ফাহাদ করিম বলেছেন, বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন ট্রেভর। ইতোমধ্যে কাজও এগিয়েছেন অনেক দূর।
ফাহাদ করিম বলেন, ‘গত অক্টোবরে ট্রেভর ইসলামের সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দেন জায়ান আহমেদের বাবা, শরীফ আহমেদ। এরপর থেকে নিয়মিত ট্রেভরের সঙ্গে আমার যোগাযোগ হয়।’
ইতোমধ্যে ট্রেভর ইসলামের বেশকিছু কাগজপত্র তৈরি হয়ে গেছে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘ডিসেম্বরে (২০২৫) আমরা ট্রেভরের কাছ থেকে সম্মতি নিই। এরপর আমরা তার ডকুমেন্টের কাজ শুরু করি। এরপর ১৮ ফেব্রুয়ারি (২০২৬) তার জন্ম নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়।’
তবে চলতি বছর ট্রেভরকে বাংলাদেশের জার্সিতে দেখা যাওয়ার সম্ভাবনা কম। কারণ, নিজের পড়াশোনা এবং ক্লাবের সঙ্গে আগে থেকেই তার একটি চুক্তি রয়েছে।
এ নিয়ে ফাাহাদ করিম বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি, আমার কখন তাকে চাই এবং কখন সে এভেইলেবল আছে। তখন তিনি জানান, ২০২৬ সালে তার জন্য খুবই কঠিন। সে বলেছে, সেপ্টেম্বর উইন্ডোতেও তার জন্য আসা খুবই কঠিন। তবে নভেম্বর উইন্ডোতে সম্ভাবনা রয়েছে।’
তবে আগামী বছরের শুরুর উইন্ডো থেকেই তিনি বাংলাদেশের হয়ে খেলবেন বলে জানিয়েছেন ফাহাদ করিম। এর আগেই তার পাসপোর্টসহ বাকি কাজ সম্পন্ন করে ফেলা হবে।
ট্রেভর ইসলামের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। তার বাবা সলিম ইসলাম একজন বাংলাদেশি। ২১ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি লিগে স্ট্যামফোর্ড মেনস সকার ক্লাবের হয়ে খেলছেন।

স্পোর্টস ডেস্ক