বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া
দীর্ঘ বিরতির পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। সময়ের হিসেবে ১৫ বছর। ২০১১ সালের পর আবারও বাংলাদেশে একদিনের ম্যাচ খেলবে অসিরা। আগামী জুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে বাংলাদেশে আসবে তারা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ। শুধু ওয়ানডে নয়, সিরিজে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুদল।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অসিরা। ওয়ানডে ম্যাচগুলো আগামী ৯, ১১ ও ১৪ জুন মাঠে গড়াবে। সিরিজের সবকটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে যাবে দুদল। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে খেলেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে ১৫ ছক্কায় ৯৬ বলে ১৮৫ রানের স্মরণীয় ইনিংস খেলেছিলেন শেন ওয়াটসন। একই সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল মাইকেল ক্লার্কের।
১০ বছর পর ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সিরিজে ৪-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। যদিও, সেই সিরিজের উইকেট নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল।

ক্রীড়া প্রতিবেদক