বাংলাদেশের ব্যাটিং দেখে অবাক হয়েছেন ফক্সক্রফটও
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুটা জয়ে রাঙাতে পারেনি বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ২২১ রানে। হেরেছে ২৬ রানের ব্যবধানে।
একটা সময় বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, বাংলাদেশই জিতে যাবে। সাইফ হাসান আর লিটন দাস দারুণ জুটি গড়ে এগিয়ে নিচ্ছিলেন দলকে। কিন্তু তারা দুজন ফিরতেই যেনো সব আশার গুড়ে বালি পড়ে যায়। ব্যাটিংয়ে দায়িত্ব নিতে পারেননি কেউ।
বাংলাদেশের এমন ব্যাটিং দেখে কিছুটা অবাকই হয়েছিলেন নিউজিল্যান্ডের ডিন ফক্সক্রফট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ, হ্যাঁ (কিছুটা অবাক)... উইকেট কিছুটা ধীরগতির হয়ে যাওয়ায় আমাদের স্পিনার ও পেসাররা সুবিধা পাচ্ছিল। আমি ভেবেছিলাম তাদের হাতে যেহেতু উইকেট আছে, তারা শেষে আক্রমণ করবে। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, দ্রুত কিছু উইকেট পড়ে গেলে ম্যাচের চিত্র বদলে যায়।’
মিরপুরের উইকেটের অপ্রত্যাশিত আচরণ নতুন কিছু নয়। তবে পাকিস্তান সিরিজে দেখা গিয়েছিল ভিন্ন কিছু। ম্যান ইন গ্রীনদের স্বাগত জানানো হয়েছিল স্পোর্টিং উইকেট বানিয়ে। তবে, এ ম্যাচেও উইকেটের অপ্রত্যাশিত আচরণের কথা জানিয়েছেন ফক্সক্রফট।
ফক্সক্রফট বলেন, ‘বাংলাদেশ হয়তো জয়ের খুব কাছেই ছিল। আমরা ঠিক সময়ে উইকেট নিতে পেরেছি। শেষ উইকেট পড়ার আগ পর্যন্ত তারা ম্যাচেই ছিল। যেহেতু একজন সেট ব্যাটার ছিল, তাই যেকোনো কিছু হতে পারতো।’
উইকেট অপ্রত্যাশিত হলেও বাংলাদেশ ম্যাচে বেশ ভালোভাবেই ছিল। ধরিগতির হলেও সাইফ-লিটনদের পর আরেকটি জুটি গড়ছিলেন আফিফ হোসেন আর তাওহিদ হৃদয়। যেখানে আফিফ শুরুতে দেখেশুনে খেলার চেষ্টা করছিলেন। কিন্তু উইকেটে সেট হওয়ার আগেই ফিরে যান তিনি। যেটি বাংলাদেশকে অনেকটা পেছনে ফেলে দিয়েছে।
এ নিয়ে বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে আসা সাইফ বলেন, ‘আফিফ আর হৃদয় যখন ব্যাটিং করছিল, তখন হয়তো এরপরে ভালো ব্যাটার নেই—এমন চিন্তা থেকে তারা কিছুটা সাবধানে খেলেছে। তারা দুজনই ভালো ব্যাটার। আফিফ আউট হওয়ার আগ পর্যন্ত সব ঠিকই ছিল। সে আর কিছুক্ষণ থাকতে পারলে ফল অন্যরকম হতে পারতো।’

স্পোর্টস ডেস্ক