পূর্বাচল স্টেডিয়াম নিয়ে নতুন বার্তা তামিমের
দেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরির পরিকল্পনা চলছে অনেকদিন ধরে। পূর্বাচলে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে এটির নাম দেওয়া হয়েছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ডিজাইন করা হয়েছিল আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নাম ও ডিজাইন দুটোতেই পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার। সেই আঙ্গিকে নতুন করে ডিজাইনও প্রস্তুত করা হয়। সেই সরকারেরও পরিবর্তন হয়েছে, এখন বিএনপি সরকার গঠন করেছে। পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। অনুমিতভাবে পরিবর্তন আসছে পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে।
আজ শনিবার (১৮ এপ্রিল) পূর্বাচলে হতে যাওয়া নতুন স্টেডিয়াম ঘুরে দেখেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার সঙ্গে ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ও কয়েকজন বোর্ড সদস্য। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পরিবর্তেনের কথা জানান তামিম।
তামিম বলেন, ‘আজকে মাননীয় মন্ত্রী (ক্রীড়া প্রতিমন্ত্রী) এসেছেন, আমরা আজকে পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু পরিবর্তন জরুরি। পরিবর্তন করব শুধু পরিবর্তন করার জন্য না। কিছু কিছু ডিজাইন পরিবর্তন করা জরুরি।’
পূর্বাচলের এই স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তনের কারণও ব্যাখ্যা করেছেন তামিম। তার ভাষ্য, অন্যান্য স্পোর্টস বিভাগকে সুযোগ করে দিতে ক্রীড়া প্রতিমন্ত্রী তাকে বলেছেন। সেজন্যই পরিবর্তন হচ্ছে স্টেডিয়ামের ডিজাইন।
তামিম বলেন, ‘এটা অনেক বড় একটা প্রোপার্টি। এখানে আমাদের চেষ্টা থাকবে ক্রিকেটের পাশাপাশি মাননীয় মন্ত্রী বললেন- কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি যুক্ত করে নিতে পারি, তাহলে আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে। টাকার দিক থেকে ক্রিকেট বোর্ডের অবস্থান হয়তবা অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো। আমাদেরও দায়িত্ব অন্য স্পোর্টসকে দেখাশোনা করা।’
সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলেই ডিজাইন পরিবর্তন করার কথা জানালেন তামিম। যারা এটার ডিজাইন করেছেন তাদের সাথে আলোচনা করার কথা জানান বিসিবি সভাপতি।

স্পোর্টস ডেস্ক