মুস্তাফিজের শারীরিক অবস্থা জানালেন শরিফুল
প্রথম ওয়ানডের একাদশে হঠাৎ পরিবর্তন। টসের সময় সিদ্ধান্ত হয় মুস্তাফিজুর রহমান খেলবেন না। তার জায়গায় একাদশে সুযোগ পান শরিফুল ইসলাম। বল হাতে ভালো করেছেন বাঁহাতি এই পেসার। তবু, দ্বিতীয় ম্যাচের একাদশে তিনি নিশ্চিত নন। কৌতূহল বরং মুস্তাফিজকে নিয়ে। তিনি ফিরবেন কি না, সেটিই বড় প্রশ্ন।
মিরপুরে আজ রোববার (১৯ এপ্রিল) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন শরিফুল। মুস্তাফিজের শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতি জানতে চাইলে শরিফুল বলেন—‘হ্যাঁ, মুস্তাফিজ মোটামুটি সুস্থ।’
প্রথম ওয়ানডেতে পেয়েছেন অনাকাঙ্ক্ষিত সুযোগ। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছেন। ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২৭ রানে ২ উইকেটে শিকার করেন। দলের সেরা বোলার তিনিই ছিলেন।
ফিজ ফিরলে শরিফুলকে একাদশে জায়গা ছাড়তে হতে পারে। তা নিয়ে শরিফুলের মত, ‘আমরা যে ১৫ জন স্কোয়াডে আছি, সবাই প্রস্তুত থাকি ম্যাচ খেলার জন্য। এখন কোচ বা তারা (টিম) যে দল দিবে সেই দল নামবে। এটা তো আমার হাতে নেই।’
নিউজিল্যান্ডের মূল দল আসেনি বাংলাদেশে। র্যাঙ্কিংয়ে পয়েন্ট বাড়াতে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ ছিল। এখনও পুরোপুরি শেষ হয়নি সুযোগ। কিন্তু, ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরেছে স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডে এখন হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায়।

স্পোর্টস ডেস্ক