বিশ্বকাপে ভাইরাল তুরস্কের ‘কালো-সাদা’ সমর্থক, কে এই উদি নেকো?
ফিফা বিশ্বকাপ মানেই মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও থাকে রঙিন সব গল্প। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সমর্থকদের ভিন্নধর্মী উপস্থিতি প্রায়ই আলোচনার জন্ম দেয়। এবার সেই তালিকায় নতুন সংযোজন তুরস্কের এক সমর্থক। যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে গেছেন।
তার ডাকনাম উদি নেকো, আর আসল নাম নেজদেত ওলচেরমান। তুরস্ক ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচে গ্যালারিতে তার ব্যতিক্রমী সাজসজ্জা সবার নজর কেড়ে নেয়। পুরো মুখ কালো রঙে রাঙানো, শুধু চুল ও দাড়ি সাদা। এমন অদ্ভুত রূপেই তিনি হাজির হন স্টেডিয়ামে।
হাঙ্গেরির সংবাদমাধ্যম টেলেক্স জানিয়েছে, প্রিয় ক্লাব বেসিকতাসের প্রতি ভালোবাসা থেকেই এমন সাজ নেন ওলচেরমান। ক্লাবটির ঐতিহ্যবাহী রং কালো ও সাদা। সেই রঙকেই নিজের মুখে ধারণ করে তিনি। প্রতিটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকার চেষ্টা করেন।
ওলচেরমান শুধু বেসিকতাসেরই নন। তুরস্ক জাতীয় দলেরও নিবেদিতপ্রাণ সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বড় অনুসারী গোষ্ঠী রয়েছে। বেসিকতাস ও তুরস্কের অধিকাংশ ম্যাচেই তাকে গ্যালারিতে দেখা যায়।
জানা গেছে, তিনি তুরস্কের জাতীয় সামরিক আইনশৃঙ্খলা বাহিনী জেন্ডারমেরির সাবেক সদস্য। এছাড়া বেসিকতাস ক্লাবের সভাপতি হাসান আরাতের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে।
যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে তুরস্ক অস্ট্রেলিয়ার কাছে ২–০ গোলে হেরে গেছে। তবে মাঠের ফলের চেয়ে গ্যালারিতে উদি নেকোর উপস্থিতিই বেশি আলোচনার জন্ম দিয়েছে। তার অভিনব রূপের ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো মানুষের নজর কেড়েছে।
