ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে খেলানো নিয়ে যা বলছে ফিফা
‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’-খ্যাত ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর আর দুই মাসও বাকি নেই। এরই মাঝে চলছে নানা আলোচনা। এশিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা ইরানের পরিবর্তে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে খেলানোর পরামর্শ একটি আয়োজক দেশের।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। দেশটির পক্ষ থেকে, ইরানের ম্যাচগুলো অন্য আয়োজক দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল।
নতুন করে সামনে আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলির একটি মন্তব্য। ফিন্যান্সিয়াল টাইমসকে তিনি বলেছেন, নিশ্চিত করছি যে, আমি ট্রাম্প ও ইনফান্তিনোকে পরামর্শ দিয়েছি, যাতে বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্বকাপের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ফিফার একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ফিফার আপাতত এ ধরনের কোনো পরিকল্পনা নেই।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে ওয়াশিংটনে এক বক্তব্যে খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ইরান বেশ শক্তিশালী একটি দল এবং তারা নিজেদের যোগ্যতায় কোয়ালিফাই করেছে। তারা সত্যিই খেলতে চায় এবং তাদের খেলা উচিত। আমরা আশা করি বিশ্বকাপের সময় পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে।
ফিফার নীতিমালার ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যদি কোনো দেশ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় বা বহিষ্কৃত হয়, তবে অন্য কোনো দেশকে সেখানে প্রতিস্থাপন করার পূর্ণ ক্ষমতা ফিফার আছে। তবে ইরানকে বাদ দেওয়ার মতো বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষে এখন পর্যন্ত কোনো শক্ত অবস্থান দেখায়নি সংস্থাটি।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইরান। ২১ জুন তাদের প্রতিপক্ষ বেলজিয়াম এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা।
এদিকে, টানা তিনবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে ইতালি। সর্বশেষ গত মাসে প্লে-অফ ফাইনালে তারা বসনিয়া ও হারজেগোভিনার কাছে হেরে যায়।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, পোপ লিও চতুর্দশ সম্পর্কে ট্রাম্পের মন্তব্যের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্পের সমালোচনা করেছিলেন, সেই তিক্ততা কমিয়ে যুক্তরাষ্ট্র ও ইতালির সম্পর্ক মসৃণ করতেই জাম্পোলি এই পরিকল্পনা প্রস্তাব করেছেন।

স্পোর্টস ডেস্ক