১৪ বছর পর পদক নিয়ে ফিরছে বাংলাদেশ
চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী ভারত বাধা টপকাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের কাছে হারলেও ১৪ বছর পর পদক নিয়ে দেশে ফিরছে অ্যাথলেটরা।
আজ রোববার (২৬ এপ্রিল) সেমিফাইনালে ভারতের কাছে ৫০-৩১ পয়েন্টে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে ফাইনালে যেতে না পারলেও খালি হাতে ফিরতে হচ্ছে না তাদের। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।
এই ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে দীর্ঘ ১৪ বছরের আক্ষেপ ঘুচল বাংলাদেশের নারী কাবাডির। ২০১২ সালের পর এই প্রথম এশিয়ান বিচ গেমসে পদক জিতল বাংলাদেশ দল।
ম্যাচের শুরু থেকেই ভারতের অভিজ্ঞ রেইডারদের সঙ্গে সমানে সমান লড়াই করার চেষ্টা করে বাংলাদেশ। প্রথমার্ধে লড়াই ছিল বেশ জম্পেশ। প্রথমার্ধ শেষে ভারত ২২-১৫ ব্যবধানে এগিয়ে যায়। তবুও ৭ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে ম্যাচে ফেরার ভালো সম্ভাবনা ছিল বাংলাদেশের।
তবে বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলার চিত্র বদলে যায়। ভারতের আক্রমণাত্মক রেইডিংয়ের সামনে বাংলাদেশের রক্ষণভাগ খেই হারিয়ে ফেলে। একের পর এক পয়েন্ট তুলে নিয়ে ব্যবধান দ্রুত বাড়াতে থাকে ভারত। শেষ পর্যন্ত ৫০-৩১ পয়েন্টের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এশিয়ান বিচ গেমসে এর আগে গত দুটি আসরে বাংলাদেশ অংশ নিলেও কোনো পদকের দেখা পায়নি। এবার কাবাডি ইভেন্ট যুক্ত হওয়ার পর থেকেই বাংলাদেশ ভালো করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল।

স্পোর্টস ডেস্ক