একদিনে আরও দুই জয় বাংলাদেশের
এশিয়ান বিচ গেমস কাবাডিতে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) টুর্নামেন্টের ভিন্ন দুটি ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সকালে নারী দল থাইল্যান্ডকে হারানোর পর বিকেলে পুরুষ দল সিরিয়াকে উড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ পুরুষ দলের বিপক্ষে লড়াইয়ে পাত্তাই পায়নি সিরিয়া। ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ পুরুষ কাবাডি দল।
ম্যাচের শুরু থেকেই সিরিয়ার ওপর চড়াও হয়ে খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধেই ২৯-৮ পয়েন্টের লিড নিয়ে জয়ের ভিত গড়ে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিয়ার রক্ষণভাগ ভেঙে বাংলাদেশের রেইডাররা একের পর এক পয়েন্ট আদায় করে নেন। দ্বিতীয় পর্বেও সেই দাপট ধরে রেখে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।
পুরুষ দলের এই বড় সাফল্যের আগেই আনন্দের খবর এনে দেয় নারী দল। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দাপুটে জয় তুলে নেন বাংলাদেশের নারীরা। প্রথমার্ধেই ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ।
পুরো ম্যাচে বাংলাদেশ মোট ৫১ পয়েন্ট অর্জন করে। রক্ষণভাগ এবং রেইডিং—উভয় বিভাগেই থাইল্যান্ডের চেয়ে কৌশলী ছিলেন বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শেষ দিকে থাইল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের শক্ত রক্ষণের সামনে তারা সফল হতে পারেনি।

স্পোর্টস ডেস্ক