ইতিহাস গড়ে দেশে ফিরছে নারী হকি দল
গ্রুপ পর্বের খেলায় চাইনিজ তাইপের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে আর পারল না বাংলার মেয়েরা। এশিয়ান গেমস বাছাইপর্বের ফাইনালে হেরে রানার্স হয়েছে বাংলাদেশ। বুধবার (২৯ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় টুর্নামেন্টের ফাইনালে ১-৩ গোলে চাইনিজ তাইপের কাছে হেরেছে বাংলাদেশ।
হারলেও এই টুর্নামেন্টে থেকে অনেক প্রাপ্তি বাংলাদেশের। প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে ইতিহাস সৃষ্টি করেছে বাংলার মেয়েরা। সেমিফাইনালে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে শিরোপা লড়াইয়ে উঠেছিলেন অর্পিতারা।
এদিন ফাইনালে প্রথমে লিড নেয় বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনাযক অর্পিতা পাল। প্রথম কোয়ার্টারে আর সমতা ফেরাতে পারেনি চাইনিজ তাইপে।
এরপর দ্বিতীয় কোয়ার্টারে দ্বিতীয় মিনিটে ইন্দোনেশিয়ার ওয়াং চিউ ফিল্ড গোল করেন। ১-১ সমতা নিয়ে দুই দল ড্রেসিংরুমে ফেরে বিরতিতে।
তৃতীয় কোয়ার্টারে দ্বিতীয় মিনিটে চাইনিজ তাইপে ফিল্ড গোল করে লিড নেয়। আট মিনিট পর আরেকটি গোল পেলে তাইপে জয়ের সুবাতাস পায়।
চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ একাধিক পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি। ম্যাচ শেষ হলে তাইপের মেয়েরা শিরোপা উল্লাসে মাতেন।

স্পোর্টস ডেস্ক