এবার ট্রাম্পের শান্তি পুরস্কার বাতিলের দাবি
গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ফিফা শান্তি পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ট্রাম্পের এই পুরস্কারপ্রাপ্তির পর থেকে কম সমালোচনা হয়নি। এবার সেই পুরস্কার বাতিলের দাবি তুলেছেন নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান লিসে ক্ল্যাভেনেস। খবর দ্য অ্যাথলেটিকের।
ক্ল্যাভেনেস বলেন, ‘আমরা চাই এটি বাতিল করা হোক। আমরা মনে হয় না, এটা ফিফার কোনো দায়িত্বের মধ্যে পড়ে। আমার মতে, এটি সামনের দিনগুলোতেও দেওয়া না হোক।’
রাজনৈতিকভাবে ফিফা একটি নিরপেক্ষ সংস্থা, এই বিশ্বাস রেখে ক্ল্যাভেনেস বলেন, ‘আমরা মনে করি, ফুটবল ফেডারেশন, কনফেডারেশন ও ফিফার জন্য গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্রনেতাদের সঙ্গে দূরত্ব বজায় রাখা, যাতে সেই স্বাধীনতা প্রশ্নবিদ্ধ না হয়।’
‘যদি যথেষ্ট শক্ত ব্যবস্থা ও অভিজ্ঞতা না থাকে, তাহলে এ ধরনের পুরস্কার খুব সহজেই রাজনৈতিক হয়ে যেতে পারে। সুশাসনের দিক থেকে বিবেচনা করলে, ভবিষ্যতেও এ ধরনের কাজ এড়িয়ে চলাই ভালো’– যোগ করেন ক্ল্যাভেনেস।
শান্তি পুরস্কার প্রদানের সময় ফিফা সভাপতি ট্রাম্পের আন্তর্জাতিক চুক্তির প্রতি সমর্থন প্রকাশ করেন। এর মধ্যে রয়েছে তথাকথিত ‘আব্রাহাম চুক্তি’, যা ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্ন সমাধান না করেই ইসরায়েল ও কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছিল।
ইনফান্তিনো বলেন, ‘আমরা একজন নেতার কাছ থেকে এটাই চাই। এমন একজন নেতা যিনি জনগণের জন্য চিন্তা করেন। আমরা একটি নিরাপদ বিশ্বে, একটি নিরাপদ পরিবেশে বাস করতে চাই। আমরা ঐক্যবদ্ধ হতে চাই। মিস্টার প্রেসিডেন্ট, আপনার কর্মকাণ্ডের জন্য, আপনি অবশ্যই প্রথম ফিফা শান্তি পুরস্কারের যোগ্য।’

স্পোর্টস ডেস্ক