বাঁচা-মরার ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ নারী দল। তাই দ্বিতীয় ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। হারলেই সিরিজ চলে যাবে সফরকারীদের পকেটে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিরিজ বাঁচানোর ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে দুপুর দেড়টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। অনলাইনে খেলা দেখা যাবে টি-স্পোর্টস ইউটিউব চ্যানেলে।
প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করেছিল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। জবাব দিতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়েছিল বাংলাদেশ। পুরো ম্যাচে ২০ এর বেশি রান এসেছিল মাত্র দুজনের ব্যাট থেকে। সেখানেও একজনের ব্যাট থেকে এসেছিল মোটে ২৩ রান।
বাকিদের ব্যর্থতার ভিড়ে নিঃসঙ্গ সেনাপতির মতো শেষদিকে নেমে একাই লড়াই চালিয়ে গিয়েছিলেন স্বর্ণা আক্তার। ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত ফিরেছিলেন ৪৫ বলে ৬০ রান করে। বাংলাদেশ হেরেছিল ২৫ রানে।
ওয়ানডে সিরিজেও ব্যাটিং ব্যর্থতায় পড়েছিল বাংলাদেশ। যে কারণে প্রথম ম্যাচ জিতেও সিরিজ খোয়াতে হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দলকে। আজ সিরিজ বাঁচাতে হলে ব্যাটারদের দায়িত্ব নেওয়া ছাড়া কোনো উপায় নেই।
সিরিজ বাঁচানোর এ ম্যাচেও বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে জ্যোতি বাহিনী।
বাংলাদেশের স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা।

স্পোর্টস ডেস্ক