দুই জয়ে বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান কোথায়?
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছিলেন, তারা একাধিক ম্যাচ জিততে চান। বিশ্বকাপে এর আগে কখনোই একটির বেশি জয় পায়নি বাংলাদেশ। কাদের বিপক্ষে জিততে পারেন, সেটিও জানিয়েছিলেন জ্যোতি। নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে জয়ের আশা করেছিলেন তিনি।
শনিবার (২০ জুন) পাকিস্তানকে হারানোর পর অধিনায়কের কথার সত্যতা মিলেছে। নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচেই হারায় পাকিস্তানকে।
ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ১-এ নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ।
এই জয়ে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে সেমিফাইনালে দৌড়ে টিকে থাকল বাঘিনীরা। ৩ ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি পাকিস্তান। টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে তারা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।
আগামী ২৫ জুন গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কঠিন হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নিগার-নাহিদারা।

স্পোর্টস ডেস্ক