অতীত নিয়ে ভাবেন না শামীম
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে কম আলোচনা হয়নি। মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া আর নিরাপত্তা সংক্রান্ত জটিলতা—সব মিলিয়ে শেষ পর্যন্ত আর বিশ্বকাপেই খেলা হয়নি বাংলাদেশের। টাইগারদের পরিবর্তে বিশ্বকাপে ডাকা হয় স্ক্যাটল্যান্ডকে।
সেই তিক্ত অতীত নিয়ে আর পড়ে থাকতে চান না তরুণ ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে সামনের দিকে তাকাতে চান তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে আজ শুক্রবার (১ মে) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শামীম।
বিশ্বকাপ মিস করা নিয়ে প্রশ্নের জবাবে শামীম পাটোয়ারী বলেন, ‘আমরা গত বেশ কিছু সিরিজে দারুণ পারফর্ম করেছি। দলের সবার মধ্যে বন্ডিংটা চমৎকার। দুর্ভাগ্যবশত আমরা বিশ্বকাপটা মিস করেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালোভাবে প্রস্তুত ছিলাম।’
অতীত নিয়ে পরে থাকতে চান না শামীম। নিউজিল্যান্ড সিরিজ থেকে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন টাইগার এই ব্যাটার। তিনি বলেন, ‘বিশ্বকাপের ওইটা চলে গেছে (প্রসঙ্গ শেষ)। ওটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই। আমাদের ইতিবাচক দিক হচ্ছে আমরা ভালো করতে পেরেছি, আমাদের ইন্টেন্টটা ধরে রাখতে পেরেছি। এটা আমরা পরের ম্যাচেও ধরে রাখতে চাই।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের বড় সুযোগ এখন বাংলাদেশের সামনে। আগামীকাল শনিবার সিরিজের শেষ ম্যাচ জিতে, ট্রফি নিজেদের করে নিতে আত্মবিশ্বাসী শামীম। তিনি বলেন, ‘আমাদের ভালো একটা সুযোগ আছে সিরিজ জেতার। অবশ্যই আমরা চাইব জেতার জন্য খেলতে।’
টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে দলেও নিজের জায়গা ফিরে পেতে মুখিয়ে আছেন শামীম। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত এই ক্রিকেটার জানান, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) তাঁর জন্য বড় সুযোগ।
শামীম বলেন, ‘আমার খেলার ধরন সবসময় আক্রমণাত্মক। সামনে ডিপিএল আছে, যা আমার জন্য ওয়ানডেতে ফেরার সেরা মাধ্যম। আমি মনে করি ডিপিএলে ভালো করতে পারলে জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটে ফেরাটা আমার জন্য সহজ হবে।’

স্পোর্টস ডেস্ক