কাল সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টির পেটে চলে যাওয়ায় অপেক্ষা বেড়েছে দুই দলেরই। এখন শেষ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয় আর কিউইদের সিরিজ বাঁচানোর।
এমন ম্যাচে আগামীকাল শনিবার (২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ আর নিউজিল্যান্ড। খেলা শুরু হবে দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপ- এ।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় মাঠে না গড়ানোয় সেই ব্যবধানে কোনো পরিবর্তন আসেনি। চট্টগ্রামে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও দ্বিতীয় টি-টোয়েন্টির টস পর্যন্ত করা যায়নি। পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ড্রি পাইক্রফট।
সাম্প্রতিক টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সাফল্য আর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস-- দুটোই শেষ ম্যাচে এগিয়ে রাখবে লিটন দাসের দলকে। এর সঙ্গে মিরপুরের উইকেট তো হাতের তালুর মতোই চেনা টাইগার ক্রিকেটারদের। সবমিলিয়ে এগিয়ে থেকেই সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ।
যদিও পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২২টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর মধ্যে কিউইদের জয় ১৫টি ম্যাচে। আর বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচ। শেষ ম্যাচ মাঠে না গড়ানোয় দুই দলের জয়-পরাজয়ের পরিসংখ্যানে কোনো পরিবর্তন আসেনি। এক থেকে দুইয়ে দাঁড়িয়েছে ফলাফল না আসা ম্যাচের সংখ্যা।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ ছিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যেটা ব্যাটারদের জন্য স্বর্গ রাজ্য হিসেবে পরিচিত। সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে মিরপুরে। দুই মাঠের কন্ডিশনে ব্যাপক পার্থক্য বিদ্যমান। ফলে শেষ ম্যাচের একাদশে পরিবর্তন আসলে অবাক হওয়ার কিছু থাকবে না।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফউদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন।

স্পোর্টস ডেস্ক