বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ
প্রথম টি-টোয়েন্টিতে লড়াই জমাতে না পারা বাংলাদেশ ঘুরে দাঁড়ায় পরের ম্যাচে। জয়ের কাছে গিয়েও অবশ্য হারতে হয়েছিল স্বাগতিকদের। তাতে, ম্যাচের পাশাপাশি সিরিজ হারিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে যাওয়া বাংলাদেশের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামীকাল রোববার (২১ জুন) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। হৃদয়-মুস্তাফিজদের কাছে এটি মান বাঁচানোর লড়াই। খেলা শুরু হবে দুপুর ২টায়।
চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় ম্যাচে হৃদয় ২২ বলে ৩৫ রানের ইনিংস খেলেছিলেন। তবে, দলকে জেতাতে সেটি যথেষ্ট ছিল না।
দ্বিতীয় ম্যাচে ২২ বলে ৩৬ রান করা পারভেজ হোসেন ইমন জানান, কেন হেরেছে বাংলাদেশ। তার মতে, ‘এরকম রান তাড়ায় একটা বড় স্কোর দরকার। আমরা বেশিরভাগই ৩০-৪০ এ আউট হয়েছি। যেকোনো একজন যদি বড় ইনিংস খেলতে পারতাম তাহলে খেলাটা সহজে তাড়া করা যেত।’
ভুল শুধরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়াই করেছিল বাংলাদেশ। গিয়েছিল জয়ের কাছাকাছি। এবার শেষ ম্যাচে কাছাকাছি যেতে নয়, জিততে চায় স্বাগতিকরা। জয়ের অবশ্য বিকল্প নেই। ওয়ানডে সিরিজে প্রবল বিক্রমে অস্ট্রেলিয়াকে হারানোর পর ক্ষুদ্র সংস্করণে অন্তত একটি জয় আশা করতেই পারে ক্রিকেট ভক্তরা।
বাংলাদেশ স্কোয়াড
তাওহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, আব্দুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, শেখ মেহেদী, শামীম হোসেন পাটোয়ারী, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, নাহিদ রানা।

স্পোর্টস ডেস্ক