টেন্ডুলকারকে পেছনে ফেলে রুটের নতুন রেকর্ড
ফিফটি দিয়ে সিরিজ শুরু করেছিলেন, মাঝে তিন ইনিংসে সর্বোচ্চ রান ছিল মোটে ২৪। তবে শেষটা আবার সেই চেনা ফিফটিতেই রাঙালেন জো রুট। আর তাতেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য রেকর্ডের চূড়ায় এককভাবে নিজের নাম লিখিয়ে নিলেন ইংলিশদের টেস্ট কাপ্তান।
পাকিস্তানের বিপক্ষে এজবাস্টন টেস্টে রান তাড়ায় নেমে অপরাজিত ৬২ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে সহজ জয় উপহার দেন রুট। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে এটি তার ক্যারিয়ারের ৬৯তম ফিফটি।
এই ইনিংসের সুবাদে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটি করার বিশ্বরেকর্ডে ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে পেছনে ফেলে দিলেন রুট। দীর্ঘ ক্যারিয়ারে ২০০ টেস্ট ম্যাচ খেলে ৬৮টি ফিফটি নিয়ে নিজের রেকর্ড শেষ করেছিলেন শচিন। তবে তার চেয়ে ৩১ ম্যাচ কম খেলেই কিংবদন্তি এই ভারতীয় ব্যাটারকে টপকে গেলেন ইংলিশ তারকা। এর আগে হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে ৬৬ রানের ইনিংস খেলে শচিনের পাশে বসেছিলেন রুট।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটির এই তালিকায় রুটের পেছনে অবস্থান করছেন কিংবদন্তি সব ব্যাটাররা। শচিনের ৬৯ এবং রুটের নতুন রেকর্ডের পর এই তালিকায় রয়েছেন যথাক্রমে শিবনারাইন চান্দারপল (৬৬), অ্যালান বোর্ডার (৬৩), রাহুল দ্রাবিড় (৬৩) এবং রিকি পন্টিং (৬২)।
এদিকে সেঞ্চুরি ও ফিফটি মিলিয়ে টেস্টে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের বিশ্বরেকর্ড অবশ্য এখনও শচিন টেন্ডুলকারের দখলেই রয়েছে। যেখানে ৫১টি সেঞ্চুরি ও ৬৮টি ফিফটিসহ মোট ১১৯ বার পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন শচিন।
এই তালিকায় ১১০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস (৪১টি সেঞ্চুরি ও ৬৯টি ফিফটি) নিয়ে দুই নম্বরে আছেন জো রুট। এ ছাড়া জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংয়ের ১০৩টি এবং রাহুল দ্রাবিড়ের রয়েছে ৯৯টি করে পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
শুধু ফিফটির রেকর্ডই নয়, এজবাস্টন টেস্টে ব্যাট করতে নেমে আরও একটি কীর্তি গড়েছেন রুট। প্রথম ব্যাটার হিসেবে এই মাঠে টেস্ট ক্রিকেটে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এজবাস্টনে ১১টি টেস্ট খেলে তার বর্তমান রান এখন ১ হাজার ১৮। এই তালিকায় ১০ টেস্টে ৮৬৯ রান নিয়ে দুই নম্বরে আছেন অ্যালিস্টার কুক।
ইংল্যান্ডের ইতিহাসের সফলতম এই ব্যাটসম্যান এর আগে দেশের আরও তিনটি ভিন্ন ভেন্যুতে টেস্টে অন্তত হাজার রান করার রেকর্ড গড়েছিলেন। হোম অব ক্রিকেট লর্ডসে তার রান ২ হাজার ২০৩, ম্যানচেস্টারে ১ হাজার ১২৮ এবং ওভালে ১ হাজার ৫০। এর আগে ক্রিকেট ইতিহাসে ভিন্ন চারটি ভিন্ন ভেন্যুতে এক হাজার বা তার বেশি রান করার বিরল এই রেকর্ড কেবল জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংয়ের নামের পাশেই ছিল।
টেস্ট ক্রিকেট মাতিয়ে চলা ৩৫ বছর বয়সী জো রুটের নামের পাশে এই সংস্করণে মোট রান এখন দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৮। টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শচিন টেন্ডুলকারের ১৫ হাজার ৯২১ রানের বিশ্বরেকর্ড ভাঙার পথে দারুণ গতিতে ছুটে চলেছেন এই ইংলিশ ব্যাটার।

স্পোর্টস ডেস্ক