একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ছিল চট্টগ্রামে। শেষ ম্যাচে আবারও ঢাকায় ফিরেছে খেলা। দুই মাঠের উইকেটের কন্ডিশন ভিন্ন। সেটিকে মাথায় রেখেই একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
আজ শনিবার (২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক নিক কেলি।
সিরিজ শুরুর আগেই অধিনায়ক লিটন দাস আভাস দিয়েছিলেন দলে অলরাউন্ড শক্তি বাড়ানোর। মিরপুরে এসে সেটি বাস্তবায়ন হলো। প্রথম ম্যাচে খেলা পেসার তানজিম হাসান সাকিব শেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
আলোচনায় থাকলেও এ ম্যাচেও অভিষেক হলো না তরুণ অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের। এ ম্যাচেও একাদশে জায়গা ধরে রেখেছেন পেসার রিপন মন্ডল। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে আছেন রিশাদ হোসেন আর শেখ মেহেদী হাসান।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল।

স্পোর্টস ডেস্ক