ঢাকা টেস্ট
হাফসেঞ্চুরি দিয়ে জন্মদিনের সকাল শুরু মুশফিকের
গতকাল দিন শেষ করেছিলেন ৪৮ রানে অপরাজিত থেকে। হাফসেঞ্চুরি থেকে দুই রান দূরে ছিলেন ‘মি. ডিপেন্ডবেল’ খ্যাত মুশফিকুর রহিম। আজ তার ৩৯তম জন্মদিন। দিনের শুরুতেই হাফসেঞ্চুরি পূর্ণ করে জন্মদিনের আনন্দ কিছুটা বৃদ্ধি করলেন ডানহাতি এই ব্যাটার। এখন নিশ্চয়ই মুশফিকের চোখ তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে জন্মদিনকে পূর্ণতা দেওয়ার দিকে।
আজ শনিবার (৯ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসের দ্বিতীয় দিনের খেলায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১৭ রান করেছে বাংলাদেশ।
দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম দিন ছিল বাংলাদেশের
প্রথম দিনের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। দ্রুতই হারিয়েছিল দুই ওপেনারকে। শুরুর সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে সময় লাগেনি স্বাগতিকদের। এরপর দিনের প্রায় পুরোটা সময় শাসন করেছে পাকিস্তানি বোলারদের। মাঝে সফরকারী বোলাররা দুটি উইকেট পেলেও ঢাকা টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
এদিন বাংলাদেশের আলোকবর্তিকা হয়ে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। শান্ত তিন অঙ্কের ম্যাজিক ফিগারও স্পর্শ করেছেন। ১২ চার আর ২ ছক্কায় ১৩০ বলে ১০১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। তবে মুমিনুল ফিরেছেন নার্ভাস নাইটিতে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে। মুমিনুলের ইনিংস থেমেছে ১০ চারের মারে ২০০ বলে ৯১ রানে।
প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান তুলেছিল বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক