মেসিকে ছুঁয়ে নতুন রেকর্ড গড়লেন রোনালদো
বিশ্বকাপের মঞ্চে এক রাতেই লেখা হলো দুই কিংবদন্তির নতুন ইতিহাস। একদিকে যেমন লিওনেল মেসির পাশে বসে গেল পর্তুগালের অধিনায়কের নাম, তেমনি অন্যদিকে কঙ্গোর বিপক্ষে ১–১ গোলে ড্র করল পর্তুগাল।
ম্যাচে গোলের হিসাব সমান থাকলেও আলোচনার কেন্দ্রে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কঙ্গোর বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েছেন তিনি। ৪১ বছর বয়সে এই কীর্তি গড়ে কানাডার সাবেক অধিনায়ক আতিবা হাচিনসনের আগের রেকর্ড ভেঙে দিয়েছেন রোনালদো।
এর আগে ২০২২ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ৩৯ বছর ২৯৬ দিন বয়সে মাঠে নেমে রেকর্ড গড়েছিলেন হাচিনসন। এবার সেই তালিকায় আরও ওপরে উঠে এলেন রোনালদো।
একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকেও পৌঁছেছেন পর্তুগিজ তারকা। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে তিনি ছুঁয়েছেন লিওনেল মেসি কে। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে মেসি যেমন ষষ্ঠ বিশ্বকাপের কীর্তি গড়েছিলেন, তেমনি রোনালদোও এবার সেই অভিজাত ক্লাবে নাম লেখালেন।
পর্তুগাল শুরুর একাদশ সাজিয়েছিল আক্রমণাত্মক পরিকল্পনায়। রোনালদোকে ঘিরেই গড়া হয়েছিল আক্রমণের মূল ছক। মাঝমাঠে ছিলেন ভিতিনিয়া, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেস ও বার্নার্দো সিলভা। রক্ষণভাগে দায়িত্বে ছিলেন জোয়াও কানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা ও নুনো মেন্দেস।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ–প্রতি আক্রমণে খেললেও শেষ পর্যন্ত কেউই জয় নিশ্চিত করতে পারেনি। চেনা ছন্দে ফিরতে পারেনি রোনালদো। করতে পারেননি অতিমানবীয় কিছু। ফলাফল হিসেবে তার দল কঙ্গোর সঙ্গে ১–১ ব্যবধানে ড্র নিয়েই মাঠ ছাড়ে।

স্পোর্টস ডেস্ক